TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে পেডিক্যাবের উচ্চ শব্দে গান নিষিদ্ধঃ ভাড়া নির্ধারণ করে দিচ্ছে টিএফএল

ব্রিটেনের রাজধানী লন্ডনে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পেডিক্যাবে চালক ও যাত্রী—উভয়ের জন্যই মাইক্রোফোন বা লাউডস্পিকারের মাধ্যমে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ হচ্ছে। একই দিন থেকে পেডিক্যাব চালানো ও পরিচালনার জন্য পরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। লাইসেন্স ছাড়া এসব যান চালানো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

লন্ডনের পরিবহন ও নগরজীবনবিষয়ক সংবাদমাধ্যম আইএনভিজিটসের ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের মোবাইল ফোন থেকে উচ্চ শব্দে গান বাজালেও তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এতদিন লন্ডনের বিভিন্ন এলাকায় পেডিক্যাবে উচ্চ শব্দে গান বাজানো, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নিরাপত্তাহীন আচরণ নিয়ে অভিযোগ ছিল।

লাইসেন্সপ্রাপ্ত চালকদের পরিচয় নিশ্চিত করতে কাজের সময় বাহুতে টিএফএলের দেওয়া সরকারি ব্যাজ পরতে হবে। যাত্রীরা এই ব্যাজ দেখে বৈধ চালক শনাক্ত করতে পারবেন।

নতুন নিয়মে পেডিক্যাবের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। চালকরা সর্বোচ্চ ৫ পাউন্ড প্রাথমিক ভাড়া নিতে পারবেন। এর সঙ্গে প্রতি মিনিটের জন্য সর্বোচ্চ ১ পাউন্ড এবং প্রথম যাত্রীর পর প্রত্যেক অতিরিক্ত যাত্রীর জন্য সর্বোচ্চ ৩ পাউন্ড নেওয়া যাবে।

এই হিসাবে দুজন যাত্রীর ১০ মিনিটের যাত্রায় সর্বোচ্চ ভাড়া হবে ১৮ পাউন্ড। তবে গাইডেড ট্যুর বা বিশেষ আতিথেয়তাসহ অতিরিক্ত সেবার জন্য আলাদা অর্থ নেওয়া যাবে। সে ক্ষেত্রে যাত্রা শুরুর আগেই যাত্রীকে মূল্য জানাতে হবে এবং তার সম্মতি নিতে হবে।

নিয়ম কার্যকরের দিন থেকেই মধ্য লন্ডনের বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান চালাবে টিএফএল। বিশেষ করে যেসব সড়কে পেডিক্যাবের চলাচল বেশি, সেসব এলাকায় কর্মকর্তারা তদারকি করবেন। তারা পেডিক্যাব থামিয়ে তল্লাশি এবং চালকের লাইসেন্স পরীক্ষা করতে পারবেন। নিয়ম ভাঙলে আর্থিক জরিমানা, মামলা, এমনকি চালকের লাইসেন্স স্থগিত বা বাতিলও হতে পারে।

লন্ডনের হাঁটা ও সাইকেল চলাচলবিষয়ক কমিশনার উইল নরম্যান বলেন, পেডিক্যাবের মাধ্যমে লন্ডন ঘুরে দেখা আনন্দদায়ক অভিজ্ঞতা হওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে যাত্রীরা অতিরিক্ত ভাড়া, উচ্চ শব্দে গান এবং অনিরাপদ আচরণের শিকার হচ্ছেন।

পরিবহনমন্ত্রী লর্ড হেন্ডি বলেন, নতুন কঠোর বিধিমালা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এবং যাত্রীদের আস্থা ও নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। এর ফলে মানুষ ন্যায্য ভাড়ায় লন্ডনের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন।

২০২৪ সালের পেডিক্যাবস (লন্ডন) আইনের মাধ্যমে টিএফএলকে এই শিল্প নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়। ওয়েস্ট এন্ড এলাকায় এক দশকের বেশি সময় ধরে পেডিক্যাবের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবিতে প্রচারণা চালানো হার্ট অব লন্ডন বিজনেস অ্যালায়েন্স নতুন বিধিমালাকে স্বাগত জানিয়েছে।

তবে নতুন নিয়মের কারণে ছোট প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠতে পারে বলেও উদ্বেগ রয়েছে। আইএনভিজিটসের প্রতিবেদনের মন্তব্য অংশে একজন পাঠক জানিয়েছেন, সাইকেল ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান ‘পেডাল মি’ নতুন বিধিমালার ব্যয় বহন করতে না পারায় যাত্রী পরিবহনের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি পার্সেল ও পণ্য সরবরাহের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে ওই মন্তব্যে উল্লেখ করা হয়।

পেডিক্যাবের যানবাহনসংক্রান্ত পৃথক বিধিমালা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।

সূত্রঃ আইএনভিজিটস

এমকে

আরো পড়ুন

ইটিএ ছাড়া ভ্রমণ নয়ঃ যুক্তরাজ্যে আজ থেকে পূর্ণমাত্রায় কার্যকর নতুন সীমান্তনীতি

যুক্তরাজ্যে মেট পুলিশে বড় পরিবর্তনঃ বাজেট ঘাটতিতে মেট পুলিশের নতুন পদক্ষেপ

উত্তর ফ্রান্সে ব্রিটিশ উগ্রপন্থীদের দৌরাত্ম্যঃ মানবাধিকারের জন্য হুমকি বলছে সংগঠনগুলো