TV3 BANGLA
Picture: PA Images/Alamy
যুক্তরাজ্য (UK)

লন্ডনের স্কুলে দুই শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাতঃ ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার নিয়ে প্রশ্ন

লন্ডনে স্কুলে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে বিচার শুরু হয়েছে। হামলার সময় সে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল বলে আদালতে জানিয়েছেন আইনজীবীরা। তবে অভিযুক্ত কিশোর তার বিরুদ্ধে আনা হত্যাচেষ্টার দুটি অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লন্ডনের ওল্ড বেইলি আদালতে বিচার চলাকালে এসব তথ্য উঠে আসে। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লন্ডনের ব্রেন্ট এলাকার কিংসবেরি হাইস্কুলে। হামলার সময় স্কুলের ভেতরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছিল বলে আদালতকে জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যালিসন মরগান কেসি আদালতকে বলেন, অভিযুক্ত কিশোর প্রথমে একটি শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এরপর স্কুলের খেলার মাঠে গিয়ে আরও এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

আদালতে বলা হয়, অভিযুক্তের কাছে একটি ছুরি ও পোকামাকড় তাড়ানোর স্প্রে ছিল। সে স্কুলের করিডর দিয়ে হেঁটে একটি শ্রেণিকক্ষের দরজায় বারবার ধাক্কা দেয়। এক শিক্ষার্থী দরজা খুললে তার মুখে স্প্রে ছিটিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে।

এরপর পরিচিত এক শিক্ষার্থীকে খুঁজতে থাকে সে। ওই শিক্ষার্থীকে খুঁজে পেয়ে পেছন থেকে ধরে বারবার ছুরিকাঘাত করে। হামলায় ওই শিক্ষার্থীর মাথা, ঘাড় ও কাঁধে আঘাত লাগে বলে আদালতে জানানো হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, এ সময় অভিযুক্ত কিশোর গালাগাল করে দুবার ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার করতে থাকলে সে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলে, ‘তুমি কি মরতে চাও? এদিকে আসো।’

এরপর আবারও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে আতঙ্কিত শিক্ষার্থীদের দিকে এগিয়ে যায় সে। প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এরপরও ছুরি হাতে নিয়ে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে করিডর ও সিঁড়ি দিয়ে নিচে নামে অভিযুক্ত। সেখানে স্কুলের খেলার মাঠে বিরতির সময় কয়েকজন শিক্ষার্থী খেলছিল।

অভিযোগ অনুযায়ী, সেখানে এমন এক শিক্ষার্থীকে লক্ষ্য করে হামলা চালায়, যাকে সে চিনতও না। বাম হাত দিয়ে ওই শিক্ষার্থীর ঘাড় চেপে ধরে মাথা ঘুরিয়ে ঘাড়ের অংশ উন্মুক্ত করে ছুরি দিয়ে আঘাত করে। এরপর স্কুল ভবনের ভেতরে ফিরে যায়।

আদালতকে জানানো হয়েছে, অভিযুক্ত কিশোর নিজেই তার হামলার ঘটনার ভিডিও ধারণ করেছিল। বিচার চলাকালে সেই ভিডিও আদালতে উপস্থাপন করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দুই শিশুর ঘাড়ে ছুরিকাঘাত করা হলেও সৌভাগ্যক্রমে তারা দুজনই প্রাণে বেঁচে যায়।

আদালতে অভিযুক্তকে একজন ‘রাগী কিশোর’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ঘটনার সময় সে ওই স্কুলের শিক্ষার্থী ছিল না। খারাপ আচরণের কারণে আগেই তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে আদালতকে জানানো হয়।

বর্তমানে ১৪ বছর বয়সী ওই কিশোরের পরিচয় আইনি কারণে প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে আনা দুটি হত্যাচেষ্টার অভিযোগ সে অস্বীকার করেছে। লন্ডনের ওল্ড বেইলি আদালতে মামলার বিচার অব্যাহত রয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

লন্ডনে রাজার বাড়িতে চাকুরির সুযোগ, মিলবে বছরে ৪০ হাজার পাউন্ড বেতন

পদত্যাগ করলেন বৃটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই

‘প্রকৃত যুদ্ধের শুরু’—লাভরভের হুঁশিয়ারি, কিয়েভে জার্মানি-যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা