ইরানকে ঘিরে চলমান চারদিনের সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত এক ইরানি ইউনিটপ্রধানকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
পেন্টাগনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অপারেশনাল ব্রিফিংয়ে জানানো হয়, নিহত ব্যক্তি ইরানের একটি বিশেষ ইউনিটের প্রধান ছিলেন, যিনি ট্রাম্পকে লক্ষ্য করে পরিচালিত কথিত হত্যাচেষ্টার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার নাম বা পদবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, মঙ্গলবার পরিচালিত অভিযানে ওই ইরানি কর্মকর্তাকে হত্যা করা হয়। তিনি বলেন, যদিও সংশ্লিষ্ট ব্যক্তি চলমান যুদ্ধে প্রাথমিক লক্ষ্য ছিলেন না, তবুও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে চিহ্নিত করে অভিযান চালানো হয়।
সাংবাদিকদের ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “যে ইউনিটের নেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, তাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল।”
পেন্টাগনের এই ঘোষণা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যদিও ওয়াশিংটন দাবি করছে, এ অভিযান ছিল লক্ষ্যভিত্তিক এবং প্রতিরক্ষামূলক কৌশলের অংশ, তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চারদিনের সংঘাতে দুই পক্ষই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার অভিযোগ তুলছে। সাম্প্রতিক এই হত্যার দাবি আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রঃ দ্য ওয়েস্ট অষ্ট্রেলিয়ান
এম.কে

