TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী—এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করা, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার ওপর নজরদারির বিষয়ে দলীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়।

মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘিরে সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগও আলোচনায় রয়েছে। গত ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদকের অনুসন্ধানের পরদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত নথি চাওয়া হয়। এর মধ্যে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া, তা বাতিল এবং বদলি-সংক্রান্ত নথিও রয়েছে বলে গণমাধ্যমের মারফতে জানা যায়।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে আসিফ মাহমুদ দুদকের বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন এবং তা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকেও ঘিরে অতীতে একাধিক বিতর্ক ও মামলা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছিল।

২০২৬ সালের মার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্যের জেরে পাটওয়ারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়। অভিযোগে মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার কথা বলা হয় এবং আদালত তাকে হাজির হতে সমন জারি করে।

পাটওয়ারীর বক্তব্যের ভাষা নিয়েও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা হয়েছে। গত মাসে সংস্কৃতি প্রতিমন্ত্রী তার বক্তব্যের ভাষা নিয়ে সমালোচনা করে বলেন, রাজনীতিতে অশালীন ভাষার কোনো স্থান নেই।

এ ছাড়া আসিফ নজরুলের পরিবারের ছাগল চুরির অভিযোগ নিয়েও পাটওয়ারীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

২০২৬ সালের মার্চের মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে করা অভিযোগ আদালতের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এর আগে তিনি নিজের বক্তব্যের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেছেন এবং একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারও করেছিলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণার মধ্য দিয়ে দলটি রাজধানীর দুই গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় নিজেদের প্রার্থী নির্ধারণ করল। এখন তাদের প্রার্থিতা, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড, মামলা এবং অভিযোগগুলো নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সূত্রঃ বাসস

এম.কে

আরো পড়ুন

কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেনঃ তারেক রহমান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব

বিএসএফের বাংলাদেশি হত্যা, দিল্লির কাছে কড়া প্রতিবাদ ঢাকার