দক্ষিণ লন্ডনের একটি রিসাইক্লিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রেল যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আগুনের কারণে লন্ডন ব্রিজ স্টেশনমুখী ও সেখান থেকে ছেড়ে যাওয়া বহু ট্রেন বিলম্বিত, বাতিল অথবা বিকল্প পথে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় শতাধিক দমকলকর্মী রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার কিছু পর বারমন্ডসির ল্যান্ডম্যান ওয়ে এলাকায় অবস্থিত একটি রিসাইক্লিং কেন্দ্রে আগুন লাগার খবর পায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ঘটনাস্থলে দ্রুত প্রায় ১০০ জন অগ্নিনির্বাপক কর্মী, ১৫টি ফায়ার ইঞ্জিন এবং বিশেষ টার্নটেবল মই মোতায়েন করা হয়।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, কারখানার ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আগুন থেকে সৃষ্ট ঘন কালো ধোঁয়া আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং আকাশজুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বাড়ির আশপাশে আগুনের ছাই বা জ্বলন্ত কণা পড়ে থাকলে দ্রুত পানি ঢেলে তা নিভিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্টেশন কমান্ডার ওয়েইন ব্লুমফিল্ড বলেন, “দমকলকর্মীরা রিসাইক্লিং কেন্দ্রে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যের আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধোঁয়ার পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “এটি দীর্ঘস্থায়ী একটি অভিযান হতে পারে এবং দমকল বাহিনী আগামী সকাল পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করতে পারে।”
এদিকে আগুনের কারণে নিউ ক্রস এলাকার রেললাইনের পাশের পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ট্রেন চলাচলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেটওয়ার্ক রেল জানিয়েছে, দক্ষিণ লন্ডনজুড়ে ট্রেনগুলো কম গতিতে চলাচল করছে এবং যাত্রীদের উল্লেখযোগ্য বিলম্বের মুখোমুখি হতে হচ্ছে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “রিসাইক্লিং কেন্দ্রের বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণে দক্ষিণ লন্ডনের রেলসেবায় গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়েছে। কিছু ট্রেন বিকল্প টার্মিনালে পাঠানো হচ্ছে, আবার কিছু সেবা বাতিল বা রুট পরিবর্তন করা হয়েছে।”
তিনি জানান, লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনাটিকে ‘বড় ধরনের জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
যাত্রীদের দুর্ভোগ কমাতে লন্ডনের বিভিন্ন টার্মিনালের মধ্যে লন্ডন আন্ডারগ্রাউন্ড সেবায় অতিরিক্ত ভাড়া ছাড়াই বিদ্যমান ট্রেনের টিকিট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দমকল বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে জানানো হবে।
সূত্রঃ বিবিসি
এম.কে

