TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যেও গার্ডেনে সাপের আনাগোনাঃ কম্পোস্ট উল্টানোর আগে সতর্ক থাকার পরামর্শ

যুক্তরাজ্যের বিভিন্ন বাড়ির বাগানে সাপের উপস্থিতি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন দেশটির খ্যাতনামা উদ্যানবিশেষজ্ঞ মন্টি ডন। তিনি জানিয়েছেন, বাগানের কম্পোস্টের স্তূপে প্রায়ই ঘাস সাপ ডিম পাড়ে। ফলে কম্পোস্ট উল্টানোর সময় অনেকেই হঠাৎ সাপের মুখোমুখি হতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি বড় আকারের ঘাস সাপ বাগানের বেড়া বেয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে পরে মাটির ভেতরে অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি প্রকাশের মাধ্যমে তিনি বাগানপ্রেমীদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্টি ডন বলেন, প্রতিবছরই ঘাস সাপ কম্পোস্টের স্তূপকে ডিম পাড়ার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে। তাই কম্পোস্ট নাড়াচাড়া বা উল্টানোর সময় সাপ কিংবা ডিম সামনে চলে আসা অস্বাভাবিক নয়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ঘাস সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। অনেকেই সাপ দেখলেই ভয় পান, কিন্তু এই সাপ সম্পূর্ণ নিরীহ। তিনি নিজেও নিজের বাগানে এসব সাপের সঙ্গে সহাবস্থান করতে পেরে আনন্দিত বলেও মন্তব্য করেন।

বিশেষজ্ঞদের মতে, ঘাস সাপ যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রজাতির সাপ। পূর্ণবয়স্ক একটি ঘাস সাপের দৈর্ঘ্য প্রায় এক মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত বনাঞ্চলে বাস করলেও জলাশয়ের প্রতি আকৃষ্ট হওয়ায় এগুলো প্রায়ই বাড়ির বাগানে চলে আসে। স্বভাবগতভাবে অত্যন্ত লাজুক হওয়ায় মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত সরে যায়।

অন্যদিকে, যুক্তরাজ্যে ঘাস সাপের পাশাপাশি বিষধর অ্যাডার সাপও রয়েছে। এই প্রজাতির সাপ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এবং মাঝেমধ্যেই দংশনের ঘটনা ঘটে।

সম্প্রতি দেশটির সাফোক এলাকার একটি প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলে জলক্রীড়ার সময় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি অ্যাডার সাপের কামড়ের শিকার হন। গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করার পর তিনি দেখতে পান, একটি সাপ তার পায়ে কামড়ে ঝুলে আছে। দুর্গম এলাকায় থাকায় তাকে প্রায় দুই ঘণ্টা জলপথে ফিরে গিয়ে হাসপাতালে পৌঁছাতে হয়।

হাসপাতালে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় এবং রাতভর পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য, তাকে যে সাপটি কামড়েছিল সেটি অল্পবয়সী ছিল। পূর্ণবয়স্ক অ্যাডার হলে বিষক্রিয়ার প্রভাব আরও গুরুতর হতে পারত।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের বাগানে সাপ দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিরীহ ঘাস সাপ হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে কম্পোস্ট বা ঝোপঝাড় পরিষ্কার করার সময় সতর্ক থাকা এবং সাপ দেখলে সেটিকে বিরক্ত না করাই সবচেয়ে নিরাপদ উপায়।

সূত্রঃ দ্য ডেইলি মেইল

এম.কে

আরো পড়ুন

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

বাড়িতে থেকে কাজ করে ক্লান্ত যুক্তরাজ্যের জনগণ!

নিউজ ডেস্ক

দূরবর্তী অঞ্চলের জন্য ড্রোন বহর ব্যবহার করবে রয়্যাল মেইল

অনলাইন ডেস্ক