যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া লন্ডনের উদ্যোগে ‘আলিমিয়্যাহ ও হিফজ গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এ বছর আলিমিয়্যাহ ও হিফজ সম্পন্ন করা মোট ১৫ জন শিক্ষার্থীকে পাগড়ি, সার্টিফিকেট ও সনদ প্রদান করা হয়।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন লাইব্রেরি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা, শায়খুল হাদিস আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী।
এ বছর গ্র্যাজুয়েশন অর্জনকারীদের মধ্যে ৮ জন পূর্ণকালীন কামিল কোর্স এবং ৪ জন খণ্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়া পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে পাগড়ি ও সনদ অর্জন করেছেন আরও ৩ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অধ্যবসায় ও দ্বীনি শিক্ষার এই অর্জন তাদের পরিবার, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী গ্র্যাজুয়েটদের উদ্দেশে দ্বীনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দ্বীনি শিক্ষার লক্ষ্য কেবল সনদ, পাগড়ি কিংবা আলেম হিসেবে পরিচিতি অর্জন নয়; বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
তিনি গ্র্যাজুয়েটদের অর্জিত ইলম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান। ইলমের সঙ্গে আমল, তাকওয়া, ইখলাস ও উত্তম আখলাকের সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়।
কুরআন ও হাদিসের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও মুতালাআ অব্যাহত রাখা, মা-বাবা ও শিক্ষকদের সম্মান করা এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সমাজের নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং দারুল হাদিস লতিফিয়া ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আল্লামা আবদুল জলিল।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াসি আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মুফতি মাওলানা আশরাফুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মাওলানা আবদুল আউয়াল হেলাল, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আনহার আহমদ, মুফতি মাওলানা মারুফ আহমদ, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা কয়েস উজ জামান, হাফিজ আলী হুসাইন, মাওলানা রাফি আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, নজরুল ইসলাম গজনবী ও মাওলানা জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-উলামা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগ ও দোয়ার ফলেই তারা এই সম্মান অর্জন করতে পেরেছেন। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান দ্বীনের খেদমতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, সন্তানদের এই অর্জনে অভিভাবকদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক অভিভাবক সন্তানের দ্বীনি শিক্ষায় এই সাফল্যকে পরিবারের জন্য বিশেষ নিয়ামত ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের ত্যাগের কথাও তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গ্র্যাজুয়েটদের অভিভাবক, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, দারুল হাদিস লতিফিয়া লন্ডন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ইসলামী শিক্ষা, কুরআন-হাদিসের জ্ঞানচর্চা এবং নৈতিক ও আদর্শিক প্রজন্ম গঠনে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির এ আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসার ও আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনের খেদমতে তাদের সফলতা এবং প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমকে

