23.9 C
London
May 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নিষিদ্ধ হোক বোরখা, প্রকাশ্যে নামাজেও আপত্তি, ব্রিটিশ এমপির মন্তব্যে বিতর্ক

অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের একজন স্বতন্ত্র (নির্দলীয়) সংসদ সদস্য।

পূর্ব ইংল্যান্ডের গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি রুপার্ট লো সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করেছেন, ভারতীয় এবং পাকিস্তানিরা ব্রিটিশদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং ইংল্যান্ডের মূল সংস্কৃতি বদলে দিচ্ছে। তার এই চরমপন্থী ও বর্ণবিদ্বেষী বক্তব্য আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

সম্প্রতি ‘ব্রিটেন পুনর্জাগরণ’ (Reform UK/Britain Revival) নামের একটি জাতীয়তাবাদী আন্দোলন শুরু করা এই ডানপন্থী রাজনীতিবিদ স্পষ্ট জানিয়েছেন, এই মন্তব্যের জন্য কেউ তাকে ‘বর্ণবিদ্বেষী’ বললেও তার কিছু যায়-আসে না।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রুপার্ট লো লেখেন, “যে কাজগুলো বেকার ব্রিটিশ নাগরিকদের পাওয়ার কথা, সেই সব পদের জন্য লক্ষ লক্ষ পাকিস্তানি ও ভারতীয়কে আমদানি করা উচিত বলে আমি মনে করি না।” তিনি মূলধারার ব্রিটিশ রাজনৈতিক দল ও নমনীয় অভিবাসন নীতিকে কাঠগড়ায় তুলে বলেন, “তৃতীয় বিশ্বের লক্ষ লক্ষ অদক্ষ ও স্বল্পদক্ষ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার কারণে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশ এখন প্রায় বিদেশি ভূখণ্ডে পরিণত হয়েছে।”

অভিবাসন বিরোধিতার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্রিটিশ এমপি। তিনি ম্যানচেস্টারের কিছু এলাকার কথা উল্লেখ করে দাবি করেন, ওই অঞ্চলগুলো পুরোপুরি ‘ইসলামিক’ হয়ে উঠছে এবং পুরনো অভিবাসন নীতি ইংল্যান্ডের বুকে এক ধরনের ‘উপনিবেশ’ তৈরি করছে।

এই পরিস্থিতি রুখতে তিনি অবিলম্বে ব্রিটেনে বোরখা এবং শরিয়ত আইন নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে প্রকাশ্য স্থানে নামাজ পড়া এবং কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করার পক্ষেও সওয়াল করেন তিনি। শুধু মুসলিম সমাজই নয়, শিখ সম্প্রদায়ের মানুষদের প্রকাশ্যে কৃপান নিয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারিরও আর্জি জানিয়েছেন রুপার্ট লো।

তার এই বিস্ফোরক ও উস্কানিমূলক বক্তব্যের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমালোচকদের মতে, উগ্র জাতীয়তাবাদের এমন প্রকাশ বিশ্বগ্রামের ধারণাকে আঘাত করার পাশাপাশি সমাজে বিভেদ ও বর্ণবাদকে আরও উস্কে দেবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

লন্ডন হাই কমিশনের অবহেলার শিকার ব্রিটিশ বাংলাদেশিরা

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম

নিউজ ডেস্ক

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে