TV3 BANGLA
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকোট

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেতে যাচ্ছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘোষণা দিয়েছেন। রোববার জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের ম্যান্ডেট দেওয়া হবে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় আইজেনকোটকে প্রথম সুযোগ দিচ্ছেন প্রেসিডেন্ট। এর আগে ২৮ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে।

ইসরায়েলের মৌলিক আইন অনুযায়ী, সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে প্রেসিডেন্ট তাকে আরও ১৪ দিন সময় বাড়িয়ে দিতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হলে, অথবা তিনি প্রেসিডেন্টকে জানালে যে সরকার গঠনের চেষ্টা সফল হয়নি, কিংবা তার প্রস্তাবিত সরকার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলে প্রেসিডেন্টের সামনে নতুন সিদ্ধান্তের সুযোগ থাকবে। তিন দিনের মধ্যে তিনি অন্য কোনো পার্লামেন্ট সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন, অথবা পার্লামেন্টের স্পিকারকে জানাতে পারবেন যে সরকার গঠনের আর কোনো সম্ভাবনা দেখছেন না।

দ্বিতীয় কোনো প্রার্থীকে দায়িত্ব দেওয়া হলে তিনি সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। তবে এ ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ থাকবে না।

দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে অথবা প্রেসিডেন্ট আর কাউকে দায়িত্ব না দিলে ২১ দিনের একটি সময়সীমা শুরু হবে। এ সময় অন্তত ৬১ জন পার্লামেন্ট সদস্য যৌথভাবে কোনো একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার অনুরোধ করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।

সব প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়া হবে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার পার্লামেন্টের আস্থা অর্জন করে দায়িত্ব নেওয়া পর্যন্ত বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

এমকে

আরো পড়ুন

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক হত্যার হুমকি পাচ্ছেন

ট্রাম্পের আক্রমণের জবাবে সাদিক খানঃ আমি ওনার মাথার ভেতর ভাড়া ছাড়াই থাকি

নিউজ ডেস্ক

দিল্লিতে নেহেরু বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনে বাধা