TV3 BANGLA
আন্তর্জাতিক

পরিচ্ছন্নতাকর্মী থেকে অফিসের সব নারীকে আইফোন উপহার আমিরাতের নারী এমডির

অফিসের নারী কর্মীদের প্রত্যেককে নতুন আইফোন উপহার দিয়ে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। কর্মীদের জন্য আকস্মিক এই উপহারের আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী এক নারী আইফোন হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ার দৃশ্য ছুঁয়ে গেছে নেটিজেনদের হৃদয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরালায় জন্ম নেওয়া হাসিনা নিশাদ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানের নারী কর্মীদের জন্য বিশেষ উপহার দেওয়ার আয়োজন করেন। এ উপলক্ষে কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে আসন গ্রহণ করতে বলা হয়। তবে তাদের কেউই আগে থেকে জানতেন না, সেখানে তাদের জন্য কী চমক অপেক্ষা করছে।

সম্মেলনকক্ষে গিয়ে কর্মীরা টেবিলের নিচে মোড়ানো উপহারের বাক্স দেখতে পান। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। একে একে উপহার হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নারী কর্মীরা। অপ্রত্যাশিত এই উপহার তাদের মধ্যে সৃষ্টি করে আনন্দ ও আবেগের এক বিশেষ মুহূর্ত।

সবচেয়ে আবেগঘন দৃশ্যটি দেখা যায় প্রতিষ্ঠানের এক পরিচ্ছন্নতাকর্মীর ক্ষেত্রে। ভিডিওতে দেখা যায়, ওই নারী হাসিনা নিশাদকে শরবত পরিবেশন করছিলেন। এ সময় তাকেও একটি আইফোন উপহার দেওয়া হয়। উপহারটি হাতে পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে হাসিনা নিশাদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা কুড়ায়।

হাসিনা নিশাদ নিজেও ইনস্টাগ্রামে উপহারের আয়োজনের ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি লেখেন, প্রত্যেক নারীর নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে। তার প্রত্যাশা, প্রতিষ্ঠানের নারী কর্মীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, অন্য কোনো নারীকে এগিয়ে যেতে ও সফল হতে দেখার চেয়ে আনন্দের কিছু নেই তার কাছে। একজন নারী যখন এগিয়ে যান, তখন অন্য নারীরাও এগিয়ে যাওয়ার সাহস পান। নারীদের পারস্পরিক সহযোগিতা ও অনুপ্রেরণার মধ্য দিয়ে আরও বেশি সাফল্য অর্জন সম্ভব বলেও তার বক্তব্যে উঠে আসে।

কর্মীদের দামি উপহার দেওয়ার ঘটনা এই প্রতিষ্ঠানে এবারই প্রথম নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতে একই ধরনের আয়োজন দেখা গিয়েছিল। সেখানে হাসিনা নিশাদের স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেইন কর্মীদের মোড়ানো উপহারের বাক্স দেন। সেসব বাক্সের মধ্যেও ছিল আইফোন।

আগের ও সাম্প্রতিক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীকেও সমানভাবে উপহার দেওয়ার বিষয়টি মানুষের নজর কেড়েছে। অনেকেই এই উদ্যোগকে কর্মীদের প্রতি সম্মান, আন্তরিকতা ও মানবিক আচরণের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

প্রতিষ্ঠানের নারী কর্মীদের আনন্দিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও স্বপ্ন পূরণে উৎসাহ দেওয়ার যে বার্তা হাসিনা নিশাদ দিয়েছেন, সেটিই এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সূত্রঃ এনডিটিভি

এমকে

আরো পড়ুন

বাণিজ্য উত্তেজনা ও উৎপাদন ব্যয়ের চাপে দাম বাড়তে পারে আইফোনের

শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের অভিযোগে সাবেক ট্রাম্প উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া