7.7 C
London
October 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পাসপোর্ট হারালে দ্রুত রিপোর্ট করুনঃ পরিচয় জালিয়াতি ঠেকাতে সতর্ক করল ব্রিটিশ কর্তৃপক্ষ

ব্রিটেনে পাসপোর্টধারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে এইচএম পাসপোর্ট অফিস (এইচএমপিও)। পাসপোর্ট হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। হারানো পাসপোর্ট অন্য কেউ অপব্যবহার করতে পারে এবং পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ওয়েলস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এইচএম পাসপোর্ট অফিস জানায়, পাসপোর্ট হারিয়ে গেলে দ্রুত রিপোর্ট করতে হবে। এতে পাসপোর্টের অপব্যবহার ঠেকানোর পাশাপাশি নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ তৈরি হবে।

ব্রিটিশ সরকারের সরকারি ওয়েবসাইটেও বলা হয়েছে, পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার ঘটনা দ্রুত জানালে অন্য কেউ সেটি ব্যবহার করে পরিচয়সংক্রান্ত জালিয়াতি করার ঝুঁকি কমে। কোনো ব্যক্তি নিজে রিপোর্ট করতে অক্ষম হলে তার পক্ষ থেকেও অন্য কেউ হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের বিষয়ে জানাতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে অথবা বিদ্যমান পাসপোর্ট জব্দ করা হতে পারে। গুরুতর অপরাধের সন্দেহে থাকা, জামিনে থাকা কিংবা সরকারের খরচে ব্রিটেনে ফেরত আসার পর সেই অর্থ পরিশোধ না করার মতো পরিস্থিতি এর মধ্যে রয়েছে। পাসপোর্ট ব্রিটিশ সরকারের সম্পত্তি হওয়ায় নির্দিষ্ট পরিস্থিতিতে এটি প্রত্যাহারও করা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট নবায়নের জন্য এক দিনের বিশেষ সেবা রয়েছে। তবে আবেদন করার পর সবচেয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে পারে দুই দিন পর। অ্যাপয়েন্টমেন্টের সময় পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর নতুন পাসপোর্ট সংগ্রহ করা যাবে। এ সেবার ফি ২৩৯.৫০ পাউন্ড।

অন্যদিকে, বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারিয়ে গেলে বা জরুরি ভ্রমণ নথির প্রয়োজন হলে নির্দিষ্ট শর্তে জরুরি ভ্রমণ নথির জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রেও ফি দিতে হবে। জরুরি ভ্রমণ নথির আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যমান পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হয়।

সূত্রঃ ওয়েলস অনলাইন

এমকে

আরো পড়ুন

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে চালু হচ্ছে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহঃ প্রতিটি পরিবার পাবে নতুন বিন

ম্যানচেস্টার এক তাঁবুর শহর, অভিযানেও সফল হতে পারল না সিটি কাউন্সিল

বিলেতে বাড়ি কেনা-বেচাঃ লজার এবং ট্যানেণ্ট

নিউজ ডেস্ক