দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের অল-মিডিয়া সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কিনেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির জন্য ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকায় এই স্বত্ব কেনার প্রস্তাব সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফার কাছ থেকে এই স্বত্ব কেনা হচ্ছে। এর ফলে দেশের দর্শকরা বিটিভিসহ অনুমোদিত প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শুরুতে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব একটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেডের হাতে ছিল। তবে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে স্বত্ব বিক্রিতে সফল না হওয়ায় শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি কার্যকর হয়নি। পরবর্তীতে বাংলাদেশ সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে সম্প্রচার অধিকার অর্জনের সুযোগ পায়।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগে ফিফার সঙ্গে যোগাযোগ, সম্প্রচার অংশীদার নির্বাচন এবং আর্থিক কাঠামো চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়।
এরই মধ্যে নিশ্চিত হয়েছে যে বিশ্বকাপের ম্যাচগুলো বিটিভি, সময় টিভি এবং টি-স্পোর্টসের মাধ্যমে সম্প্রচার করা হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ থাকবে।
সরকারি নথি অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের সময় বিটিভিকে সম্প্রচার স্বত্ব পেতে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। সে তুলনায় এবার ৭২.৭১ কোটি টাকায় স্বত্ব কেনা হয়েছে, অর্থাৎ আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম খরচ হয়েছে।
বিশ্লেষকদের মতে, সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার অধিকার কেনার সিদ্ধান্ত ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরের স্বত্ব অর্জনের ক্ষেত্রেও একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমবে এবং রাষ্ট্রের ব্যয়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।
সূত্রঃ ভয়েস 7 নিউজ
এম.কে

