15.9 C
London
October 27, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থী লুলা দা সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৫১.৭৫ শতাংশ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮.২৫ শতাংশ।

মেহের বার্তা সংস্থার বরাতে পার্স টুডে জানিয়েছে, ৪ অক্টোবরের প্রথম দফায় লুলা ফ্লাভিওর চেয়ে অল্প ব্যবধানে পিছিয়ে ছিলেন। তখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় দফায় তিনি সেই ফল উল্টে দেন। ভোট না দেওয়া মানুষের হার প্রথম দফার ২১.০৮ শতাংশ থেকে কমে ১৯.২১ শতাংশে নেমেছে। লুলার মিত্ররা মনে করেন, ভোটারদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনাই তার জয়ের বড় কারণ।

বিশ্বজুড়ে এই পুনর্নির্বাচনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স “অসাধারণ বিজয়ের” জন্য লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লুলাকে ব্রাজিলের শ্রমিকের অধিকার ও গণতন্ত্রের রক্ষক হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেছেন, আগামী বছরগুলোতেও তিনি এই পথে চলবেন। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য রো খান্না চরমপন্থার বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষের লড়াইয়ের কথা উল্লেখ করে ব্রাজিলের এই জয়কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের ফলাফলকে সম্মান জানাতে এবং ব্রাজিলের গণতন্ত্রের ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ব্রাজিলের জনগণের বিজয়কে স্বাগত জানিয়ে লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন এবং দেশটিতে গণতন্ত্রের প্রাণশক্তির ওপর জোর দিয়েছেন। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস লুলার জয়কে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর ট্রাম্পের প্রচেষ্টার জন্য একটি ধাক্কা বলে মনে করছে। বার্তা সংস্থা ব্লুমবার্গ বলেছে, লুলা দা সিলভার জয়ের অর্থ হলো লাতিন আমেরিকাজুড়ে বয়ে চলা ডানপন্থী ঢেউয়ের গতিরোধ।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এক আনুষ্ঠানিক বার্তায় ব্রাজিলের নির্বাচনে লুলা দা সিলভার জয়কে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সামাজিক ন্যায়বিচার এগিয়ে নেওয়ার পথে একটি ঐতিহাসিক পরিবর্তন বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই ফলাফল ব্রাজিলের সার্বভৌমত্ব সুরক্ষিত করবে এবং দেশটির নাগরিকদের সামাজিক ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার লড়াই অব্যাহত রাখার নিশ্চয়তা দেবে। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লুলা দা সিলভার জয়কে লাতিন আমেরিকা অঞ্চলে ফ্যাসিবাদের ঢেউ ঠেকানোর একটি মৌলিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন: “লাতিন আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলে, ফ্যাসিবাদকে ঠেকিয়ে দেওয়া হয়েছে।”

লুলার এই জয়ে তার ফিলিস্তিনপন্থী অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ সালের নির্বাচনী প্রচারে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করার সময় তিনি ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী স্কার্ফ ‘কেফিয়াহ’ পরেছিলেন এবং বলেছিলেন, ফিলিস্তিনিরা পূর্ণ মনোযোগ ও সংহতির দাবিদার। একই সঙ্গে তিনি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে অবস্থান জানিয়েছিলেন। ২০১০ সালে পশ্চিম তীর সফরের সময়ও তিনি ‘স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন’ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার শাসনামলেই ব্রাজিল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্রঃ বিবিসি\আল-জাজিরা

এমকে

আরো পড়ুন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলৌকিকভাবে অক্ষত ডেভিডের বাড়ি

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারতঃ ইরানকে জয়শঙ্কর

ক্ষমতার চার বছরে ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন বাইডেন!