15.9 C
London
October 27, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মঞ্চে ইসরায়েলি পতাকা মাড়ালেন শিলো হোপঃ ভিডিও ভাইরাল

কলম্বিয়ার রাজধানী বোগোটায় আন্তর্জাতিক হিপ হপ উৎসবে পারফরম্যান্সের সময় ইসরায়েলি পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় এসেছেন দেশটির সংগীতশিল্পী ও র‍্যাপার শিলো হোপ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে গত রোববার (২৫ অক্টোবর) ‘হিপ হপ আল পার্ক’ উৎসবের মঞ্চে তিনি এ ঘটনা ঘটান। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবের সমাপনী পর্বে নিজের নতুন গান ‘অ্যানাটমিয়া’ পরিবেশন করছিলেন শিলো হোপ। এ সময় মঞ্চে একটি ইসরায়েলি পতাকা ফেলা হলে তিনি সেটির ওপর পা দিয়ে কয়েকবার মাড়িয়ে যান। একই সঙ্গে দর্শকদের উদ্দেশে ইংরেজিতে ‘ফ্রি ফিলিস্তিন’ এবং স্প্যানিশ ভাষায় ‘ফিলিস্তিন লিব্রে’ বলে স্লোগান দেন।

প্রতিবেদন অনুযায়ী, পতাকা মাড়ানোর পাশাপাশি শিলো হোপ বিশ্বজুড়ে বিভিন্ন গণআন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় স্প্যানিশ ভাষায় ‘যা আমাদের নয়, তা দূর হোক’—এমন বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফিলিস্তিনপন্থী অনেকে শিলো হোপের পদক্ষেপকে সমর্থন করেন। অন্যদিকে, এ ধরনের প্রতীকী প্রতিবাদ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে, বিশেষ করে কলম্বিয়ায়, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এর আগে বোগোটায় ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে কলম্বিয়ার সরকারের উদ্যোগে ‘কনসার্ট অব হোপ’ নামে একটি সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংগীত উৎসবের মঞ্চে শিলো হোপের এই প্রতিবাদ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে শিল্পীদের অবস্থান প্রকাশের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে।

সূত্রঃ রয়া নিউজ \ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

দক্ষিণ এশিয়ায় খ্রিষ্টান রাষ্ট্রের গুঞ্জন

‘মি. ডোনাল্ড ট্রাম্প, আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’

আত্মসমর্পণের পরেও গুলি করে মারা হয় ইউক্রেনীয় সেনাদের