19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

বাংলাদেশিসহ এডিবির সদস্য দেশের শিক্ষার্থীদের জন্য জাপানে ফুল-ফান্ডেড স্কলারশিপ

জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এডিবির স্কলারশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন। এডিবির সদস্য দেশগুলোর নাগরিকরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এডিবি স্কলারশিপ কর্মসূচির আওতায় জাপান সরকার প্রতিবছর ৩০০টির বেশি বৃত্তি দিয়ে থাকে। এই কর্মসূচিতে পরিবেশবিষয়ক শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা, টেকসই উন্নয়নবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং ও অবকাঠামো উন্নয়ন, জননীতি, নগর প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

এই বৃত্তির আওতায় জাপানের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান টোকিও বিশ্ববিদ্যালয়েও পড়াশোনার সুযোগ রয়েছে। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি জাপানের রাজধানী টোকিওর বাঙ্কিও এলাকায় অবস্থিত।

এডিবি স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি জীবনযাপন ও আবাসনের জন্য মাসিক ভাতা দেওয়া হবে।

এ ছাড়া স্বাস্থ্যসেবা, যাতায়াত এবং বই কেনার জন্যও নির্ধারিত ভাতা থাকবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা ও নির্দেশনামূলক উপকরণ সরবরাহের পাশাপাশি থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদানের ব্যবস্থাও রয়েছে।

এই বৃত্তির জন্য আবেদনকারীকে এডিবির সদস্য দেশের নাগরিক হতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

আবেদনকারীর কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স আবেদনের সময় ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত হতে পারে।

ডিগ্রি শেষ করার পর নিজ দেশে ফিরে গিয়ে কাজ করার বিষয়ে সম্মতিও থাকতে হবে।

আবেদনের সময় পূরণ করা আবেদন ফরম, পছন্দের পড়াশোনার বিষয় ও গবেষণা পরিকল্পনা, অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতক ডিগ্রি সম্পন্নের সনদের অফিশিয়াল কপি এবং দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।

প্রতিবেদনে আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৭ উল্লেখ করা হয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা ও সময়সীমা যাচাই করে নেওয়া জরুরি।

অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত সব যোগ্যতা পূরণ করতে হবে। এরপর পছন্দের সুপারভাইজার নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের এডিবি-জেএসপি আবেদন পেজের মাধ্যমে আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে।

বিশ্ববিদ্যালয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে। এরপর ২০২৭ সালের মে মাসে এডিবি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া শরৎকালীন সেমিস্টারে পড়াশোনা শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ এডিবি\টোকিও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট

এমকে

আরো পড়ুন

উগান্ডা থেকে নিউইয়র্ক, র‌্যাপার থেকে মেয়রঃ জোহরান মামদানি হয়ে উঠলেন শহরের নতুন নেতা

ইউক্রেন যুদ্ধের মধ্যেই পুতিনকে জি২০-তে আমন্ত্রণ ট্রাম্পেরঃ কূটনৈতিক চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন