7 C
London
March 25, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সারাহ কুক সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশের দ্রুত বিকাশমান অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের কারিগরি ও বিনিয়োগ সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে, যেখানে দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো আগ্রহী এবং এ খাতে অংশীদার হতে চায়। তিনি আরও বলেন, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে যুক্তরাজ্য পাশে থাকতে প্রস্তুত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের বিমান খাতে দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সলিড কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ

২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারঃ আইন মন্ত্রণালয়

রাষ্ট্রপতির সেকেন্ড হোম ইস্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা