6.9 C
London
February 5, 2026
TV3 BANGLA
স্পোর্টস

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করলেন কিংবদন্তি নাসের হুসেইন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। আইসিসিকে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তি।

ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন নাসের হুসেইন।

স্কাই ক্রিকেট পডকাস্টে আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনকে নাসের বলেন, ‘বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল থাকাটা আমার ভালো লেগেছে। তারা তাদের খেলোয়াড় “ফিজ” (মোস্তাফিজ)-এর জন্য দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থানও আমার ভালো লেগেছে।’

পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানোটা শুধুই ক্রিকেটীয় নয় বলে মনে করেন নাসের। তবে ক্রিকেট প্রশাসনে রাজনীতির দাপট থামাতে কোনো একটি পক্ষ থেকে দৃঢ় অবস্থান দরকারও মনে করেন তিনি। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমি জানি এটা রাজনৈতিক। পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানোটা আমার ভালো লেগেছে। কোনো না কোনো পর্যায়ে কাউকে তো বলতে হবে যে এই রাজনীতি আর না।’

বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। তবে পাকিস্তান সরকার ম্যাচটি না খেলার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর্থিক কারণে চাপে পড়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে ৬ হাজারেরও বেশি টাকা ক্ষতি হবে।

আর্থিক ক্ষতির বিষয়ে নাসের বলেন, ‘এটি একটি বড় রকমের সংকটপূর্ণ মুহূর্ত হতে পারে। কারণ, আইসিসি বা এমনকি ভারতকেও আঘাত করার একমাত্র উপায় হলো ভারত-পাকিস্তান ম্যাচের অর্থ ও অর্থসংস্থান। এটাই একমাত্র পথ।’

সূত্রঃ স্কাই ক্রিকেট পডকাস্ট

এম.কে

আরো পড়ুন

রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতীয় এক আইনজীবীর

ভারতকে তুলোধুনো করে ফাইনালে ইংল্যান্ড

আফগানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু সাকিব বাহিনীর