19.4 C
London
August 6, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক গুজব ঠেকাতে ব্রিটিশ বাংলাদেশির নতুন উদ্যোগঃ ‘ইউনিটিফ্লো এআই’

বাংলাদেশের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, ভুয়া প্রচারণা এবং একপাক্ষিক বর্ণনা শনাক্ত করার লক্ষ্যে নতুন একটি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক আব্দুল্লাহ আল ওয়াসিফ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইউনিটিফ্লো এআই–এর আওতায় তিনি ‘বাংলাদেশ পলিটিক্যাল ইভ্যালুয়েশন সেট’ নামে একটি উন্মুক্ত মানদণ্ডভিত্তিক তথ্যভান্ডার প্রকাশ করেছেন।

 

গবেষকদের ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বড় ভাষা মডেল তৈরির সময় বিভিন্ন ধরনের তথ্যভান্ডার ব্যবহার করা হয়। এসব তথ্যভান্ডার উন্মুক্তভাবে প্রকাশ করা হলে সেগুলোকে উন্মুক্ত মানদণ্ড বা ওপেন বেঞ্চমার্ক হিসেবে বিবেচনা করা হয়। ডেভেলপাররা এসব তথ্য ব্যবহার করে তাদের মডেল পরীক্ষা করেন এবং কোথায় ভুল তথ্য, পক্ষপাতমূলক উত্তর বা বিভ্রান্তিকর বিশ্লেষণ তৈরি হচ্ছে তা শনাক্ত করে প্রয়োজনীয় সংশোধন করেন।

আব্দুল্লাহ আল ওয়াসিফের তৈরি এই তথ্যভান্ডারে বাংলাদেশের রাজনীতি-সংক্রান্ত প্রায় তিন হাজার ৭০০টি প্রশ্ন বা নির্দেশনা সংযুক্ত করা হয়েছে। এসব প্রশ্নের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেলগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে কতটা নিরপেক্ষ, নির্ভুল ও তথ্যভিত্তিক উত্তর দিচ্ছে, তা মূল্যায়ন করা সম্ভব হবে।

গবেষক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কার্যকর মূল্যায়ন কাঠামো হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা সহজেই শনাক্ত করতে পারবেন, কোনো ভাষা মডেল বাংলাদেশের রাজনীতি নিয়ে পক্ষপাতদুষ্ট বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে কি না।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক তথ্যপ্রবাহকে আরও নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলোকে স্থানীয় বাস্তবতার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য করে তুলতেও এই উন্মুক্ত তথ্যভান্ডার সহায়ক হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

নিয়োগের পরদিনই সিলেটের ডিসি প্রত্যাহার

সরকার উৎখাতের ষড়যন্ত্রে রিসোর্ট-রেস্টুরেন্টে বৈঠক, মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংঘর্ষ-গুলিতে উত্তাল দেশ নিহত বেড়ে ৫২