বাংলাদেশে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (এইচইভি) উৎপাদনের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে জাপানের টয়োটা তুশো করপোরেশন। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়।
বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
টয়োটা বাংলাদেশের কার্যক্রম আরও সম্প্রসারণ, সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি।
টয়োটা পক্ষ জানায়, বাংলাদেশে তাদের বিতরণ নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি ও সংশ্লিষ্ট সেবা আরও সহজলভ্য হবে।
বৈঠকে আরও জানানো হয়, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।
মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে টয়োটা। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সম্ভাব্য উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বাংলাদেশে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু হলে দেশের গাড়ি শিল্পে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্রঃ টিবিএস
এমকে

