গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার রাজপাট ইউনিয়নের হাইসুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট চারটি পরিবারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যম বিডি গ্লোবাল টাইমস ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পার্শ্ববর্তী শিলতা ও তেতুলিয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক ব্যক্তি হাইসুর গ্রামে এসে হামলা চালান বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, হামলায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজপাট ইউনিয়ন যুবদলের সহসভাপতি নির্বাণ বিশ্বাসের দুটি বাড়ি, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামারেও হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বাড়ি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের সম্পত্তিও হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তাদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি হিন্দু ধর্মীয় পরিচয়ও হামলার পেছনে কারণ হিসেবে কাজ করেছে। ঘটনার পর থেকে পরিবারগুলো নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে।
বিডি গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। কাশিয়ানী থানার পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্রঃ বিডি গ্লোবাল টাইমস
এমকে

