9.5 C
London
October 26, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিদ্যুৎ সমস্যায় স্ট্যানস্টেড বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারিঃ ব্যাহত লাগেজ ব্যবস্থাপনা

যুক্তরাজ্যের অন্যতম ব্যস্ত স্ট্যানস্টেড বিমানবন্দরে বিদ্যুৎ সমস্যার কারণে কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। নিরাপত্তা তল্লাশিতে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। একই সঙ্গে ব্যাহত হয়েছে লাগেজ ব্যবস্থাপনাসহ বিমানবন্দরের বেশ কয়েকটি কার্যক্রম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এলাকায় বিদ্যুতের অস্বাভাবিক প্রবাহের কারণে বিমানবন্দরের বিভিন্ন ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দেয়। এতে যাত্রীদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হয়। বিমানবন্দরের বহির্গমন এলাকায় এবং পাসপোর্ট নিয়ন্ত্রণের কাছে চলাচলের সিঁড়িতেও যাত্রীদের ভিড় দেখা যায়।

পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। একজন যাত্রী জানান, লাগেজ কখন হাতে পাবেন, এমনকি নির্ধারিত ফ্লাইট ধরতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার অভিযোগ, বিমানবন্দরের কর্মীরা পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের পর্যাপ্ত তথ্য দিচ্ছিলেন না।

অন্য এক যাত্রী নিরাপত্তা তল্লাশির সামনে দীর্ঘ সারির ভিডিও প্রকাশ করেন। এ সময় বিমানবন্দরে সতর্কতামূলক অ্যালার্মের শব্দও শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরেক যাত্রী জানান, বিমানবন্দরটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে বলে তিনি শুনেছেন।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের সমস্যায় ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলো পুনরায় সচল করা হয়েছে। স্ট্যানস্টেড বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, বিদ্যুতের অস্বাভাবিক প্রবাহের কারণে বিমানবন্দর ও আশপাশের এলাকায় প্রভাব পড়েছিল। এর ফলে বিমানবন্দরের কয়েকটি ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়।

তিনি আরও জানান, বর্তমানে সব ব্যবস্থা আবার চালু হয়েছে। যাত্রীদের যাত্রাপথে সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। সাময়িক এই বিঘ্নের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, সপ্তাহান্তে ব্রিটেনে আঘাত হানা ঝড় বোয়েলো-এর কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। স্ট্যানস্টেড এক্সপ্রেসের বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৮৫ হাজার যাত্রী যাতায়াত করেন। বছরে এই সংখ্যা প্রায় তিন কোটি।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে মিথ্যা নাগরিকত্ব টেস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে কারাদণ্ড

২০২৬ মেয়র নির্বাচনঃ টাওয়ার হ্যামলেটসে লেবারের ভরসা সিরাজুল ইসলাম

আইএলআর পেতে দেরি হওয়ায় ঋণ বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুসংবাদ

অনলাইন ডেস্ক