TV3 BANGLA
বাংলাদেশ

ব্যক্তির অপরাধে দল নিষিদ্ধ নয়—আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির অবস্থান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে করা রিটের বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতাদের মতে, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো দলের ওপর চাপিয়ে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আদর্শের রাজনীতির পরিপন্থী এবং এটি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

বিএনপির সংসদ সদস্য ও সাবেক এটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগে যেমন অপরাধে জড়িত ব্যক্তিরা থাকতে পারে, তেমনি আদর্শবাদী ও ত্যাগী নেতাকর্মীর সংখ্যাও কম নয়। রাজনীতিতে ব্যক্তি নয়, আদর্শই মুখ্য হওয়া উচিত। এই বিবেচনা থেকেই দল নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এখতিয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। একটি দল নিষিদ্ধ করার দাবি সরাসরি গণতন্ত্রবিরোধী অবস্থানকে উৎসাহিত করে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার পথ সুগম করে।
বিএনপির এই নেতা মনে করেন, রাজনৈতিক মতাদর্শের লড়াই রাজনৈতিকভাবেই হওয়া উচিত।

আদালতের মাধ্যমে বা প্রশাসনিক সিদ্ধান্তে দল নিষিদ্ধ করার সংস্কৃতি চালু হলে তা বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করবে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রিট করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, তারা ব্যক্তি অপরাধের বিচার চায়, কিন্তু সেই অজুহাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়।

এম.কে

আরো পড়ুন

নাগরিকত্ব ত্যাগ না করেই নির্বাচনঃ সাংবিধানিক সংকটে প্রবাসী প্রার্থীরা

সিলেটের জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ হবে বিকাশে

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার