12 C
London
October 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে পুতিনের যুদ্ধ সরঞ্জাম তৈরির কারখানায় ইউক্রেনের হামলা

ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার একটি অস্ত্র কারখানায় সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। একই সময়ে যুদ্ধক্ষেত্রে স্টারলিংক ও সামরিক যোগাযোগব্যবস্থা স্টারশিল্ডের সংযোগ স্বাভাবিক গতিতে ফিরে আসায় দুটি বড় অগ্রগতি দেখছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, রাশিয়ার ওরিওল অঞ্চলে হামলার ঘটনায় একটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি মিরর জানায়, যুদ্ধক্ষেত্র থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওরিওল অঞ্চলের একটি বড় শিল্প কমপ্লেক্সে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতের দৃশ্য দেখা গেছে। ওই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন করা হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারখানাটির নাম প্রোটন-ইলেকট্রোটেক্স।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধক্ষেত্রে স্টারলিংক ও স্টারশিল্ডের সংযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। সামরিক যোগাযোগ, চলমান অভিযানের সমন্বয় এবং ড্রোন নিয়ন্ত্রণে এই স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলতি মাসের শুরুতে স্টারলিংকের সংযোগের গতি কমে যাওয়ার পর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর জেলেনস্কি, স্টারলিংকের মালিক ইলন মাস্ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, স্টারলিংক ও স্টারশিল্ডের কার্যক্রম আগের গতিতে ফিরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, রাত থেকেই সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং পরদিন সকালে গতি প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছে যায়।

জেলেনস্কি বলেন, যুদ্ধের সম্মুখসারিতে রসদ সরবরাহ এবং জেটচালিত ‘শাহেদ’ ড্রোনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই সংযোগ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সহযোগিতা করায় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, কংগ্রেস সদস্য, সিনেটর, সংবাদমাধ্যম, পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এদিকে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের শহর ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি অবস্থিত ওই শহরে খাদ্যসংকট ও অনাহার বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এলেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে ভুয়া সনদে ২০ বছর সরকারি চিকিৎসক, ফেরত দিতে হবে বেতনের টাকা

ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন ভাঙা আবাসন ব্যবস্থা সংস্কারেরঃ ‘এটাই জাতীয় পুনর্জাগরণ’

নিউজ ডেস্ক