TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের আকাশে আসছে উড়ন্ত ট্যাক্সিঃ ২০২৮ সালে যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ

যুক্তরাজ্যের আকাশে আগামী কয়েক বছরের মধ্যেই উড়ন্ত ট্যাক্সি চালুর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ব্রিস্টলভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ভার্টিক্যাল এরোস্পেস জানিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের বৈদ্যুতিক উড়োজাহাজ উৎপাদনের জন্য তারা সরকারের সঙ্গে একটি বিস্তৃত সহায়তা প্যাকেজ নিয়ে উন্নত পর্যায়ের আলোচনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, সরকারের এই উদ্যোগ প্রকল্পটিকে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

প্রস্তাবিত সহায়তা প্যাকেজের আওতায় প্রতিষ্ঠানটি অতিরিক্ত এক কোটি পাউন্ড পর্যন্ত সরকারি অর্থায়ন পেতে পারে। এর পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রকল্পটির প্রতি আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে ভার্টিক্যাল এরোস্পেসের জন্য সরকারের সরাসরি অনুদানের পরিমাণ বেড়ে সর্বোচ্চ চার কোটি ৮০ লাখ পাউন্ডে পৌঁছাতে পারে।

প্রতিষ্ঠানটি বর্তমানে তাদের ভ্যালো নামের বৈদ্যুতিক উড়োজাহাজ এবং এর ব্যাটারি উৎপাদনের জন্য সম্ভাব্য কারখানার স্থান নির্বাচন করছে। চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

ভার্টিক্যাল এরোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট সিম্পসন সরকারের এই সহায়তাকে প্রতিষ্ঠানের প্রতি একটি বড় ধরনের আস্থার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রকল্পের শুরু থেকেই যুক্তরাজ্য সরকার তাদের পাশে রয়েছে এবং নতুন এই সহায়তা গবেষণা ও উদ্ভাবনের পর্যায় থেকে পূর্ণাঙ্গ শিল্প উৎপাদনের দিকে এগিয়ে যাওয়ার একটি সুস্পষ্ট পথ তৈরি করবে। এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের উন্নত উৎপাদনশিল্প আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যে নির্মিত উড়োজাহাজ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।

প্রতিষ্ঠানটির দাবি, ভ্যালো হবে গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্যে নকশা ও নির্মিত প্রথম সম্পূর্ণ নতুন উড়োজাহাজ। ইতোমধ্যে এই বৈদ্যুতিক উড়োজাহাজের জন্য প্রায় এক হাজার ৫০০টি আগাম অর্ডার পাওয়া গেছে, যা প্রকল্পটির প্রতি বাজারের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

তবে এই উড়ন্ত ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু হওয়ার আগে যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার সব ধরনের নিরাপত্তা ও প্রযুক্তিগত অনুমোদন অর্জন করতে হবে। প্রয়োজনীয় অনুমোদন মিললে ২০২৮ সালের মধ্যেই ভ্যালো আকাশে যাত্রী পরিবহন শুরু করতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি সফল হলে এটি শুধু যুক্তরাজ্যের বিমান প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা করবে না, বরং পরিবেশবান্ধব বৈদ্যুতিক আকাশযান প্রযুক্তিতে দেশটির বৈশ্বিক অবস্থানও আরও শক্তিশালী করবে। পাশাপাশি নগর পরিবহনে উড়ন্ত ট্যাক্সির ব্যবহার বাস্তবে রূপ নিতে শুরু করলে ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

দল থেকে পদত্যাগ করছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

অভিবাসী আশ্রয় আইনের ফাঁকে যুক্তরাজ্যে অপরাধীর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন

এনএইচএসের বিলম্ব: প্রাইভেট হেলথ কেয়ারের দিকে ঝুঁকছেন লাখো মানুষ