ব্রিটেনের গ্রিন পার্টি ‘জায়নবাদ বর্ণবাদ’—এমন একটি বিতর্কিত প্রস্তাব অনুমোদন করার পর দলটির নেতা জ্যাক পোলানস্কিকে ইসরায়েলে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘চমকপ্রদ’ এবং বৈধ রাজনৈতিক বিতর্কের সীমা ছাড়িয়ে যাওয়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
ব্রাইটনে অনুষ্ঠিত গ্রিন পার্টির শরৎকালীন সম্মেলনে রোববার প্রস্তাবটি ভোটে তোলা হয়। এতে ১ হাজার ২২ জন সদস্য প্রস্তাবের পক্ষে এবং ৮১৩ জন বিপক্ষে ভোট দেন। তবে দলের নেতা পোলানস্কি ভোটে অংশ নেননি। তিনি একই সময়ে হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনের উপনির্বাচনের প্রচারে ছিলেন।
প্রস্তাবটিতে জায়নবাদকে বর্ণবাদের সঙ্গে সমতুল্য করা হয়েছে এবং ঐতিহাসিক ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে জেরুজালেমকে রাজধানী করে একটি ‘একক গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এতে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ ও মুক্তির অধিকারকে সমর্থন করা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রস্তাবটি সশস্ত্র সংগ্রামকে বৈধতা দেয় এবং ‘নদী থেকে সাগর পর্যন্ত’ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। তাদের বক্তব্য অনুযায়ী, এই অবস্থানের অর্থ ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তি। মন্ত্রণালয় আরও দাবি করেছে, প্রস্তাবটি আন্তর্জাতিক হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স বা আইএইচআরএ-র সংজ্ঞা অনুযায়ী ইহুদিবিদ্বেষী।
ইসরায়েল ব্রিটেনের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাসীন লেবার পার্টিকে, গ্রিন পার্টির এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, প্রস্তাবটি ব্রিটেনে বৈধ রাজনৈতিক বিতর্কের সীমা অতিক্রম করেছে।
তবে গ্রিন পার্টি বলেছে, বিষয়টি নিয়ে দলের সদস্যদের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ বিতর্ক হয়েছে এবং সম্মেলন এখন দলের নীতি নির্ধারণ করেছে। দলটি দাবি করেছে, তারা একটি বর্ণবাদবিরোধী দল এবং একই সঙ্গে ফিলিস্তিনি ও ইহুদি জনগোষ্ঠীর অধিকার সমর্থন করে।
লেবার পার্টির চেয়ার ও সমতা বিষয়ক মন্ত্রী ব্রিজেট ফিলিপসন প্রস্তাবটিকে ‘মৌলিকভাবে ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করা এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থনকারী ব্রিটিশ ও বিশ্বের অধিকাংশ ইহুদিকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করা গ্রহণযোগ্য নয়।
কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপও গ্রিন পার্টির অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিটিশ ইহুদিদের কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ইহুদি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বা ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস অস্বীকার করতে হওয়া উচিত নয়।
প্রস্তাবটি নিয়ে গ্রিন পার্টির ভেতরেও তীব্র বিভাজন দেখা দিয়েছে। সাবেক দলীয় নেতা ক্যারোলিন লুকাস এটিকে বিভাজনমূলক বলে মন্তব্য করেছেন। দলের উপনেতা র্যাচেল মিলওয়ার্ডও প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গ্রিন পার্টির এমপি এলি চাউনস সতর্ক করে বলেন, প্রস্তাবটি পাস হলে ইহুদি সম্প্রদায়ের অনেক মানুষ দলটি থেকে বিচ্ছিন্ন হতে পারেন এবং এর ফলে ফিলিস্তিনিদের পক্ষে দলের বক্তব্য তুলে ধরার সক্ষমতাও দুর্বল হতে পারে।
দলের এক ইহুদি সদস্য এলিস বেঞ্জামিন বলেন, প্রস্তাবটি পাস হওয়ার পর তিনি আতঙ্কিত। তার আশঙ্কা, ইহুদি সদস্যদের সামনে এখন সিনাগগের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রিন পার্টির সদস্যপদের মধ্যে একটি বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আরেক ইহুদি গ্রিন সদস্য ডেভিড আরবান ভোটের পর দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
ইহুদিদের অধিকার নিয়ে কাজ করা মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজমও প্রস্তাবটির সমালোচনা করেছে। সংগঠনটি বলেছে, ইহুদি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বর্ণবাদ হিসেবে চিহ্নিত করা ইহুদিদের ওপর আক্রমণের শামিল।
এদিকে প্রস্তাবটি আরও সংশোধন করার কয়েকটি উদ্যোগও ব্যর্থ হয়েছে। ইহুদি গ্রিন সদস্যদের জায়নবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে দলীয় শাস্তি থেকে সুরক্ষা দেওয়ার একটি সংশোধনীও প্রত্যাখ্যাত হয়। এতে ১ হাজার ৬৪ জন সদস্য বিপক্ষে ভোট দেন।
গ্রিন পার্টির পাঁচ এমপি অবশ্য জানিয়েছেন, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডের সমালোচনা অব্যাহত রাখবেন। একই সঙ্গে তারা সব ধরনের বৈষম্য ও হয়রানির বিরোধিতা করার কথাও জানিয়েছেন।
এই বিতর্কের মধ্যে গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কির নেতৃত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। গত বছরের সেপ্টেম্বরে নেতা হওয়ার পর থেকেই দলটি ইহুদিবিদ্বেষ, অভ্যন্তরীণ বিভাজন ও দলীয় কোন্দল নিয়ে নানা বিতর্কের মুখে রয়েছে।
এরই মধ্যে পরিবেশ উদ্যোক্তা ডেল ভিন্স হলবর্ন ও সেন্ট প্যানক্রাসের উপনির্বাচনে পোলানস্কিকে হারাতে লেবার পার্টিকে ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। আগামী বৃহস্পতিবারের উপনির্বাচনটি পোলানস্কির নেতৃত্বের জন্যও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

