15.2 C
London
June 8, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের পারমাণবিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তাঃ এফ-৩৫এ যুদ্ধবিমান প্রকল্পে কাটছাঁটের আশঙ্কা

যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ঘোষিত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-৩৫এ (F-35A) স্টেলথ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিনের অর্থায়ন বিরোধের কারণে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বহুল আলোচিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। এর মধ্যেই ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার প্রকল্প বাতিল বা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও সরকারি উচ্চপর্যায়ে “গুরুতর আলোচনা” চলছে এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে। গত বছর প্রায় ১ বিলিয়ন পাউন্ড ব্যয়ে এই যুদ্ধবিমান সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্টারমার। তবে প্রতিরক্ষা খাতে ব্যয় সংকট এবং অন্যান্য সামরিক প্রকল্পে অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা বিবেচনায় পরিকল্পনাটি পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

এফ-৩৫এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রে তৈরি বি-৬১ (B61) কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভরসা ট্রাইডেন্ট-২ ডি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫এ যুক্ত হলে কৌশলগত পারমাণবিক হামলার আগে তুলনামূলক সীমিত প্রতিক্রিয়া জানানোর একটি অতিরিক্ত সক্ষমতা তৈরি হবে, যা যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এফ-৩৫এ প্রকল্পের অর্থায়ন বিলম্বিত করা বা পুরোপুরি বাতিল করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। দুই ও তিন-তারকা পদমর্যাদার সামরিক কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা সূত্র জানিয়েছেন, প্রতিরক্ষা প্রধানরা প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারের কাছে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। তবে এখন সিদ্ধান্তটি সামরিক নয়, বরং রাজনৈতিক পর্যায়ে নির্ধারিত হবে।

এদিকে রয়্যাল এয়ার ফোর্সের (RAF) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এফ-৩৫এ প্রকল্প বাতিল বা বিলম্বিত হলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হতে পারে। বিশেষ করে রাশিয়া যদি স্বল্প ক্ষমতার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়, তাহলে কার্যকর প্রতিক্রিয়ার বিকল্প সীমিত হয়ে যাবে।

প্রতিরক্ষা ব্যয় নিয়ে টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরোধ। আগামী চার বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড অর্থঘাটতির মুখে রয়েছে। যদিও প্রতিরক্ষা খাতের দাবির তুলনায় কম, প্রায় ১৮ বিলিয়ন পাউন্ডের একটি আর্থিক প্যাকেজে সমঝোতা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই ঘাটতি পূরণে অন্যান্য সরকারি বিভাগের বাজেটেও কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন, জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ বিশেষভাবে চাপের মুখে রয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে বড় কোনো পরিবহন প্রকল্প বাতিল করা হবে না বলে সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ সংকটের কারণে গত বছরের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় দেওয়া কিছু প্রতিশ্রুতিও পুনর্বিবেচনার আওতায় এসেছে। এর মধ্যে আগামী এক দশকে ৫০ হাজার সামরিক আবাসন সংস্কারের ৯ বিলিয়ন পাউন্ডের পরিকল্পনার একটি অংশ কমিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ আবাসনে বসবাসরত অনেক সামরিক পরিবার প্রত্যাশিত সুবিধা পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।

তবে সরকার এখনো প্রতিরক্ষা খাতে উচ্চাভিলাষী লক্ষ্য থেকে সরে আসেনি। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, জাতীয় আয়ের ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে।

সরকার আগামী ৭ জুলাই তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের আগেই প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করতে চায়। যদিও এফ-৩৫এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের কর্মকর্তারা বলছেন, ১২টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নতুন প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সামনের সারির বাহিনীর হাতে অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিতে বিনিয়োগ ও প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

জনগণের ট্যাক্সের অর্থে পররাষ্ট্র সচিবের বিলাসবহুল প্রাইভেট জেট ভ্রমণ!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য সরকার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনার কাজ শুরু করেছে

সংবাদপত্রে ভিন রাষ্ট্রের মালিকানা নিষিদ্ধ করবে যুক্তরাজ্য