ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহসম্মত শিক্ষাঋণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই এই ঋণ চালু হতে পারে। ইতোমধ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডনসহ দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে প্রচার শুরু করেছে।
নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘অলটারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’। এর মূল উদ্দেশ্য হলো, ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ হওয়ায় প্রচলিত শিক্ষাঋণ নিয়ে অনেক মুসলিম শিক্ষার্থী দ্বিধায় থাকেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ঋণব্যবস্থাটি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। প্রচলিত ঋণের মতো সুদ নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে সমপরিমাণ অর্থ ‘কন্ট্রিবিউশন’ বা অবদান হিসেবে নেওয়া হবে। এই অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে এবং পরবর্তী সময়ে একই কর্মসূচির আওতায় নতুন শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।
এই ব্যবস্থায় শিক্ষার্থীদের ঋণ পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থার মতোই থাকবে বলে জানিয়েছে সরকার। শুধু অর্থ পরিশোধের কাঠামোতে শরিয়াহসম্মত বিকল্প পদ্ধতি অনুসরণ করা হবে। তবে নতুন ব্যবস্থায় যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
ইতোমধ্যে ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জেস, নিউক্যাসল ইউনিভার্সিটি এবং ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছে এই ঋণব্যবস্থার তথ্য প্রকাশ করেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারেন।
তবে এ উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এই ব্যবস্থার সমালোচনা করেছেন। তার দাবি, এটি ব্রিটেনে দুই ধরনের শিক্ষাব্যবস্থা তৈরি করতে পারে এবং সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, ঋণ পরিশোধ না হলে শেষ পর্যন্ত করদাতাদের অর্থ থেকেই সেই ঘাটতি পূরণ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ঋণব্যবস্থার নকশা তৈরির জন্য ব্রিটিশ সরকার ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকেকে সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ দিয়েছে। সরকার এটিকে বিশ্বের প্রথম দিকের রাষ্ট্রীয়ভাবে সমর্থিত শরিয়াহসম্মত শিক্ষাঋণ ব্যবস্থাগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।
এদিকে, ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের অংশগ্রহণে পরিচালিত একটি জরিপে দেখা যায়, ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিয়ে দ্বিধায় থাকেন। অন্যদিকে, ৭১ শতাংশের দাবি, বিদ্যমান শিক্ষাঋণ ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অবশ্য শিক্ষার্থীদের জানিয়েছে, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থাও যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিলের সমর্থনপুষ্ট। ফলে ইসলামি শরিয়াহ অনুযায়ী প্রচলিত শিক্ষাঋণ গ্রহণের বৈধতা নিয়েও আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে।
ব্রিটিশ শিক্ষা বিভাগ জানিয়েছে, নতুন ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে—এমন দাবি সঠিক নয়। প্রচলিত ও বিকল্প উভয় ব্যবস্থার শিক্ষার্থীদের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। সরকারের ভাষ্য, ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

