TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের হাইস্ট্রিটে অবৈধ ব্যবসার বিরুদ্ধে বড় অভিযানঃ দোকান বন্ধের হুঁশিয়ারি সরকারের

ব্রিটেনের বিভিন্ন শহরের হাইস্ট্রিটে পরিচালিত অবৈধ ব্যবসা, অর্থ পাচার, কর ফাঁকি, মাদক কারবার ও অনিয়মিত কর্মসংস্থানের বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকার। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী লুইস হেইগ। এসব প্রতিষ্ঠানের মধ্যে নাপিতের দোকান, মিনি মার্কেটসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে।

১১ নভেম্বর বুধবার প্রকাশিত ডেইলি মিরর-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সারের ওয়ালটন-অন-টেমস এলাকায় পুলিশের অভিযানে মন্ত্রীর সরাসরি উপস্থিতি ছিল। পুলিশের পাশাপাশি ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) কর্মকর্তারাও অভিযানে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ও অভিযোগের ভিত্তিতে একটি নাপিতের দোকান এবং একটি মিনি মার্কেটে অভিযান চালানো হয়। এতে কয়েক ডজন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

অভিযান শেষে লুইস হেইগ বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের সামনেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। আইন মেনে চলা নাগরিকরা নিজেদের এলাকার হাইস্ট্রিটে প্রকাশ্যে অপরাধ সংঘটিত হতে দেখে ক্ষুব্ধ ও হতাশ। অথচ দীর্ঘ সময় ধরে এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশে এ ধরনের হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যাটি দীর্ঘদিন অবহেলিত থাকায় পরিস্থিতি পরিবর্তন করা সহজ হবে না। তবে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় ব্যবসা ও জনপদকে প্রাণবন্ত এবং নিরাপদ করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানটি ‘অপারেশন মেশিনাইজ’-এর আওতায় পরিচালিত হচ্ছে। ৩ কোটি পাউন্ডের এই বিশেষ কর্মসূচির লক্ষ্য অর্থ পাচার, কর ফাঁকি, মাদক ব্যবসা এবং অনিয়মিতভাবে কর্মী নিয়োগসহ বিভিন্ন অপরাধ দমন করা।

ওয়ালটন-অন-টেমসের অভিযানের পর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্থায়ীভাবে ব্যবসা বন্ধের আদেশ জারি করা হয়। সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে মানুষ বসবাস করার বিষয়টি শনাক্ত হওয়ার পর ফায়ার সার্ভিসও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনায় একজনকে অভিবাসনসংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ তামাক ও সিগারেট জব্দ করা হয়েছে এবং বিদ্যুৎ চুরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

নাপিতের দোকানটিতে তল্লাশি চালিয়ে পেছনের দিকে বিছানা ও বাথরুমসহ একটি ছোট আবাসিক জায়গা পাওয়া যায়। সেখানে চার থেকে পাঁচজন বসবাস করতেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের ব্যাপকতা তুলে ধরে এনসিএ বুধবার নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় ৩ হাজার ২৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন অথবা তল্লাশি করা হয়েছে। এসব অভিযানে ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে প্রায় ২২ লাখ পাউন্ড নগদ অর্থ।

এছাড়া অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬৮ লাখ পাউন্ড মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৬ লাখ পাউন্ড মূল্যের অবৈধ মাদক এবং প্রায় ৫০ হাজার অবৈধ ভেপ।

এনসিএর উপপরিচালক সাল মেলকি জানিয়েছেন, ব্রিটেনজুড়ে বৈধ ব্যবসার আড়ালে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর ১০০ কোটি পাউন্ডের বেশি অর্থ পাচার হচ্ছে বলে তাদের ধারণা। দেশজুড়ে এ ধরনের কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, কিছু প্রতিষ্ঠান সরাসরি অর্থ পাচারের কাজে ব্যবহৃত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি নাপিতের দোকানের কথা বলেন। বাইরে থেকে দেখে মনে হতে পারে সেখানে নিয়মিত চুল কাটার ব্যবসা চলছে। কিন্তু বাস্তবে দোকানের ক্যাশ কাউন্টারের মাধ্যমে মাদক ব্যবসা, বিশেষ করে কোকেন ও গাঁজা বিক্রির অবৈধ অর্থকে বৈধ আয়ের উৎস হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।

আবার কিছু প্রতিষ্ঠান সরাসরি অর্থ পাচারের সঙ্গে যুক্ত না থাকলেও অপরাধীদের যোগাযোগ ও পরিকল্পনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব জায়গায় বিভিন্ন অপরাধী একত্রিত হয়ে প্রতারণা, অভিবাসনসংক্রান্ত অপরাধ এবং শ্রম আইন লঙ্ঘনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে।

সাল মেলকি বলেন, অপরাধীরা অত্যন্ত সংগঠিত ও ব্যাপক পরিসরে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তাই অপারেশন মেশিনাইজের মাধ্যমে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য একযোগে মাঠে নামানো হয়েছে। অপরাধীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়াই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।

লুইস হেইগ বলেন, অবৈধ ব্যবসার কারণে অনেক এলাকার পরিবেশ ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালি পড়ে থাকা দোকানগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠছে। এতে পুরো এলাকার ব্যবসায়িক পরিবেশের অবনতি ঘটছে। প্রধানমন্ত্রী স্থানীয় জনপদে মানুষের আস্থা ও গর্ব ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১১ নভেম্বর ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় একযোগে কয়েক ডজন অভিযান পরিচালিত হয়েছে। সরকার বলছে, শুধু অপরাধীদের গ্রেপ্তার নয়, অপরাধের আড়াল হিসেবে ব্যবহৃত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধ করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

ভাইয়ের আত্মহত্যা নিয়ে যা জানালেন সাজিদ জাভিদ

অনলাইন ডেস্ক

লন্ডন আন্ডারগ্রাউন্ডে ধারাবাহিক ধর্মঘট ঘোষণাঃ বড় ধরনের ভোগান্তির আশঙ্কা

আগাম জরিপে এগিয়ে সাদিক খান

অনলাইন ডেস্ক