7.7 C
London
October 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অভিবাসনের মাধ্যমে নির্বাচনে ভোট পাওয়ার চেষ্টা করছে লেবার পার্টি—কেমি বেডেনক

ব্রিটেনে ব্যাপক অভিবাসনের মাধ্যমে আগামী সাধারণ নির্বাচনে বেশি ভোট পাওয়ার চেষ্টা করছে লেবার পার্টি—এমন অভিযোগ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনক। তিনি সতর্ক করে বলেছেন, অভিবাসন সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্রিটেনেও ফ্রান্সের মতো সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে।

ব্রিটেনের অর্থনীতি নিয়ে মধ্য লন্ডনে এক গুরুত্বপূর্ণ ভাষণে এসব মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা বেডেনক। অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি বা আইএলআর নিয়ে লেবার পার্টির ভেতরে মতবিরোধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ করেন, লেবার এমপিরা আরও বেশি অভিবাসন চান এবং সেই লক্ষ্য অর্জনে তারা সব ধরনের চেষ্টা করবেন।

বেডেনক বলেন, লেবার পার্টি মনে করে অভিবাসনের কারণে তারা নির্বাচনে ভোটের সুবিধা পাবে। তার মতে, আইএলআর নিয়ে দলটির অবস্থানের পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে।

তিনি বলেন, আইএলআর ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। তার ভাষায়, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে পুরোনো এই ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। কনজারভেটিভ সরকারের আমলে আসা অনেক অভিবাসী এখন আইএলআরের যোগ্যতা অর্জন করছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ বলে জানান।

অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিণতি সম্পর্কে সতর্ক করে বেডেনক বলেন, তিনি চান না ব্রিটেনও ফ্রান্সের মতো পরিস্থিতির মুখোমুখি হোক, যেখানে ব্যাপক সামাজিক অস্থিরতা দেখা যাচ্ছে। রাজনীতিবিদদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ দায়িত্বশীল ভূমিকা নিলে কনজারভেটিভ পার্টি তাকে সহযোগিতা করবে বলে জানান বেডেনক।

তবে অভিবাসন নিয়ে লেবার পার্টির সমালোচনা করলেও কনজারভেটিভ সরকারের আমলেই ব্রিটেনে নিট অভিবাসন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে দেশটিতে নিট অভিবাসনের সংখ্যা ছিল ৯ লাখ ৪৪ হাজার। পরবর্তী সময়ে ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরে তা কমে ১ লাখ ৭১ হাজারে দাঁড়ায়।

এদিকে, বেডেনক ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে কল্যাণমূলক খাতে সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কল্যাণমূলক ব্যয় কমিয়ে প্রতিরক্ষা খাতে অর্থায়ন বাড়ানো প্রয়োজন।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

৩ লাখ ১২ হাজার পাউন্ড স্ট্যাম্প ডিউটি বাঁচিয়েছেন টনি ব্লেয়ার

যুক্তরাজ্যে রেন্টার্স রাইটস অ্যাক্টঃ জমিদারদের জন্য কঠোর নিয়ম, ভাড়াটেদের জন্য নিরাপত্তা

যুক্তরাজ্যে হিথ্রো সংলগ্ন এম২৫ অচলঃ ৬ মাইল যানজট, চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ