13 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে এআইয়ের ব্যবহার বাড়িয়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেজ ব্যাংক

ব্রিটেনে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্যতম বৃহৎ ব্যাংক বার্কলেজ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করছে ব্যাংকটি। এ সংখ্যা ব্যাংকটির বৈশ্বিক কর্মীসংখ্যার প্রায় ৫ শতাংশ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ১ হাজার কর্মীর পদ বিলুপ্ত করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ আরও ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার প্রত্যাশা করছে বার্কলেজ।

ছাঁটাইয়ের প্রধান প্রভাব পড়বে ব্যাংকটির ব্রিটিশ খুচরা ব্যাংকিং বিভাগে। তবে যুক্তরাজ্যের কিছু প্রশাসনিক ও সহায়ক কার্যক্রম ভারতের কার্যালয় থেকে পরিচালিত হওয়ায় সেখানে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী চাকরি হারাতে পারেন। ব্যাংকটির বিনিয়োগ ব্যাংকিং বিভাগও এ সিদ্ধান্তের আওতায় রয়েছে।

বার্কলেজ জানিয়েছে, এই কর্মীসংকোচন তাদের চলমান আধুনিকায়ন ও ব্যয় কমানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। গত তিন বছর ধরে ব্যাংকটি বিশেষ করে যুক্তরাজ্যের খুচরা ব্যাংকিং কার্যক্রমের ব্যয় কমানোর উদ্যোগ বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার শেষ পর্যায়ে এসে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়ানো হচ্ছে।

ব্যাংকটির প্রধান নির্বাহী সিএস ভেঙ্কটকৃষ্ণন বলেন, ব্যবসায়িক কার্যক্রম সহজ ও উন্নত করতে প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বৃহৎ পরিসরে এর ব্যবহার বাড়ানো হবে।

তবে তিনি উল্লেখ করেন, এআই এই কৌশলের মূল ভিত্তি নয়, বরং অতিরিক্ত সুবিধা যোগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ সুফল পেতে আগে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা জরুরি।

বার্কলেজ জানিয়েছে, ছাঁটাইয়ের প্রায় ৬০ শতাংশ পড়বে ব্যাংকের বিভিন্ন সহায়ক বিভাগে। এসব বিভাগের মধ্যে প্রযুক্তি উন্নয়ন ও সফটওয়্যার তৈরির সঙ্গে যুক্ত কর্মীরাও রয়েছেন।

বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পথে এগোচ্ছে বার্কলেজ। তবে ব্যাংকটির আর্থিক ফলাফল বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

অন্যদিকে, আর্থিক খাত বিশ্লেষক প্রতিষ্ঠান কুইল্টার শেভিওটের উইল হাওলেটের মতে, এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত আগামী কয়েক বছরে ব্যাংকিং খাতে এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যাপক পরিবর্তন আনার সম্ভাবনা তুলে ধরেছে। দীর্ঘদিন ধরে ব্যাংকগুলো প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করলেও এখন সেই বিনিয়োগের ফলে কম কর্মী দিয়েই কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে, বার্কলেজ জানিয়েছে, ব্যয় ও কার্যকারিতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ২০২৭ সালে আরও ১১০ কোটি পাউন্ড সাশ্রয়ের প্রত্যাশা করছে তারা।

ব্যাংকটির এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছে। এর ফলে ভবিষ্যতে ব্যাংকিংসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

যুক্তরাজ্যে কাউন্টি ডারহামের পর সান্ডারল্যান্ডেও শরণার্থী বাসস্থানের উদ্যোগে স্থগিতাদেশ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের আবাসন সংকট বিকট আকার ধারন করেছে