TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বিদ্যুৎ গ্রিড ও সুপারমার্কেট হ্যাকিংয়ের ঝুঁকিতেঃ শত্রুরাষ্ট্রের এআই ব্যবহার নিয়ে উদ্বেগ

ব্রিটেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা। এমন হামলার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে এবং খাদ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের মধ্যে এ ধরনের হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রিচার্ড হর্ন মঙ্গলবার এক ভাষণে এই সতর্কবার্তা দেবেন। তিনি বলবেন, হ্যাকিংয়ের ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে, যখন সুপারমার্কেটের তাকগুলোতে খাবার থাকবে না, ঘরে আলো জ্বলবে না এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

এনসিএসসির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন ও ইরান নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে নিয়মিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে। ২০২৮ সালের মধ্যে শত্রুভাবাপন্ন রাষ্ট্র ও গোষ্ঠীগুলোর সাইবার হামলায় এআইয়ের ব্যবহার হামলার পরিসর ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ড. হর্নের মতে, এআই নতুন কোনো হামলার পদ্ধতি আবিষ্কার করছে না। বরং দীর্ঘদিন ধরে অবহেলিত প্রযুক্তিগত দুর্বলতাগুলো এখন আগের তুলনায় অনেক বড় পরিসরে শনাক্ত ও কাজে লাগানো সম্ভব হচ্ছে। ফলে সাইবার অপরাধীরা আরও দ্রুত এবং ব্যাপকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থায় আঘাত হানতে পারবে।

তিনি বলেন, কয়েক দশক ধরে প্রযুক্তিগত নিরাপত্তায় প্রয়োজনীয় বিনিয়োগ না করেও বিভিন্ন প্রতিষ্ঠান পরিস্থিতি সামাল দিয়ে এসেছে। কিন্তু এখন সেই অবস্থা পরিবর্তনের সময় এসেছে। সব প্রতিষ্ঠানের নেতৃত্বকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা খাতে বিনিয়োগ করতে হবে। সাইবার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে পরবর্তী চিন্তা হিসেবে না দেখে প্রতিষ্ঠানের মৌলিক শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

এদিকে ব্রিটেনের নিরাপত্তা প্রতিমন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র প্রতিষ্ঠার দশম বছরে এসে দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটির ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনসিএসসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে সাইবার হুমকির ক্রমবর্ধমান জটিলতার বিষয়টি উঠে এসেছে।

তিনি আরও বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের থেকে এগিয়ে থাকতে সরকার এআই প্রযুক্তির সক্ষমতা কাজে লাগাচ্ছে। এ লক্ষ্যে নতুন ন্যাশনাল সাইবার শিল্ড এবং এআই সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য মানব পাচারকারীদের দমনে বিশ্বে প্রথম নিষেধাজ্ঞা ব্যবস্থা চালু করছে

নিউজ ডেস্ক

‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ার এখনই সময়’

ব্রিটেনে ঝড় গেরিটের আঘাতে ৩ জনের মৃত্যু