11.7 C
London
October 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে রিসাইক্লিং বিনে ভুলেও ফেলবেন না কুচি করা কাগজঃ সতর্ক করলেন পরিচ্ছন্নতাকর্মী

ব্রিটেনে পুনর্ব্যবহারের জন্য নির্ধারিত বিনে কুচি করা কাগজ না ফেলতে বাসিন্দাদের সতর্ক করেছেন এক পরিচ্ছন্নতাকর্মী। দেখতে পুনর্ব্যবহারযোগ্য মনে হলেও কুচি করা কাগজ অনেক স্থানীয় কাউন্সিলের রিসাইক্লিং ব্যবস্থায় গ্রহণ করা হয় না। এতে পুনর্ব্যবহার প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের ২৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অ্যাশলি নামের ওই পরিচ্ছন্নতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য নাম্বার ওয়ান বিনম্যান’ নামে পরিচিত। টিকটকে জনপ্রিয় এই কর্মী বাসিন্দাদের সাধারণ কাগজের বিনে কুচি করা কাগজ না ফেলার পরামর্শ দিয়েছেন।

অ্যাশলির ভাষ্য, কাগজ অতিরিক্ত ছোট ছোট টুকরো করে ফেললে তা পুনর্ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সাধারণ রিসাইক্লিং ব্যবস্থায় এ ধরনের কাগজ প্রক্রিয়াজাত করতে অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয় হয়। তাই স্থানীয় কাউন্সিল অনুমতি না দিলে কুচি করা কাগজ পুনর্ব্যবহারের বিনে না ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

এ ধরনের কাগজ সংগ্রহের সময় পরিচ্ছন্নতাকর্মীদেরও সমস্যায় পড়তে হয়। অ্যাশলি জানান, ঠান্ডা, বৃষ্টি ও বাতাসের মধ্যে বিন থেকে কাগজ খালি করার সময় ছোট ছোট টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। সেগুলো মেঝে থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় এবং ভেজা অবস্থায় কাগজ মেঝেতে আটকে যায়। এতে পরিচ্ছন্নতার কাজ আরও কঠিন হয়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুচি করা কাগজ পুনর্ব্যবহার করা একেবারেই অসম্ভব নয়। তবে সব স্থানীয় কাউন্সিল বা কাগজ প্রক্রিয়াজাতকারী কারখানা এ ধরনের কাগজ গ্রহণ করতে পারে না। কাগজ কুচি করার ফলে এর তন্তু দুর্বল হয়ে যায়। পাশাপাশি কাগজ প্রক্রিয়াজাতের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে সমস্যা এবং অগ্নিঝুঁকিও তৈরি হতে পারে।

স্থানীয় কাউন্সিল কুচি করা কাগজ সংগ্রহ না করলে তা সাধারণ বর্জ্যের বিনে ফেলা যেতে পারে। বিকল্প হিসেবে নির্ধারিত কাগজ সংগ্রহকেন্দ্রেও দেওয়া যায়। তবে কাউন্সিলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

কাউন্সিল কুচি করা কাগজ পুনর্ব্যবহারের অনুমতি দিলে তা কাগজের ব্যাগে ভরে বিনে রাখার পরামর্শ দিয়েছেন অ্যাশলি। এতে কাগজের টুকরো বাতাসে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

এ ছাড়া রঙিন বা চকচকে নয়—এমন কুচি করা কাগজ ঘরের কম্পোস্ট তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। তবে রঙিন ও চকচকে কাগজে থাকা রাসায়নিক উপাদান গাছের ক্ষতি করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয় ভাতা দিয়ে ফুলও কেনা যাবে নাঃ কড়াকড়ি নিয়ম চালু করল ব্রিটিশ সরকার

যুক্তরাজ্য সরকার ফিল্ম শ্যুটিংয়ের মতো প্রস্তুতি সম্পন্ন করছে রুয়ান্ডানীতি বাস্তবায়নে

নিউজ ডেস্ক

‘ইহুদি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন নাইজাল ফারাজ’: বিস্ফোরক মন্তব্যে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়