9.9 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে শীতে জানালায় পানি জমা বন্ধ করুন বিনা খরচেঃ সহজ ৭ উপায় জানুন

শীতের শুরুতেই ঘরের জানালার কাচে পানি জমার সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে সকালে শোবার ঘরের জানালায় পানির ফোঁটা দেখা যায়। এ সমস্যা দীর্ঘদিন অবহেলা করলে ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হতে পারে এবং জন্ম নিতে পারে কালো ছত্রাক। এতে হাঁপানি, একজিমা ও ব্রঙ্কাইটিসের মতো স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের উষ্ণ ও আর্দ্র বাতাস ঠান্ডা জানালার কাচের সংস্পর্শে এলে পানি জমে। রান্না করা, গোসল করা এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ঘরের বাতাসে আর্দ্রতা বাড়ে। শীতকালে বাইরের তাপমাত্রা কমে যাওয়া এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল না করার কারণে এ সমস্যা আরও তীব্র হয়।

প্রতিবেদনে জানালায় পানি জমা কমাতে কয়েকটি সহজ পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে, যেগুলোর বেশির ভাগই বিনা খরচে অনুসরণ করা সম্ভব।

প্রথমত, নিয়মিত জানালা খুলে ঘরের আর্দ্র বাতাস বের করে দিতে হবে। বাথরুমে গোসলের সময় জানালা খুলে রাখলে বাষ্প বাইরে বেরিয়ে যেতে পারে। তবে শীতকালে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

দ্বিতীয়ত, সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে কাপড়ের সাহায্যে জানালার কাচ পরিষ্কার করা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদ্ধতি প্রায় এক সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকতে পারে। তবে ব্যবহারের পর ভিনেগারের গন্ধ প্রায় এক ঘণ্টা স্থায়ী হতে পারে।

তৃতীয়ত, অল্প পরিমাণ বাসন ধোয়ার তরল সাবান মাইক্রোফাইবার কাপড়ে নিয়ে জানালার কাচে ঘষে লাগানোর একটি পদ্ধতির কথা বলা হয়েছে। সিডনির বাসিন্দা অনিতা বিরজেসের পরামর্শ অনুযায়ী, এতে কাচের ওপর একটি পাতলা স্তর তৈরি হয়, যা পানি জমার প্রবণতা কমাতে পারে। তবে এ পদ্ধতি ঘরের অতিরিক্ত আর্দ্রতার মূল কারণ দূর করে না।

রান্নার সময় হাঁড়িতে ঢাকনা ব্যবহার করলে বাষ্প ছড়িয়ে পড়া কমে। একইভাবে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল না করা এবং রান্না ও গোসলের সময় এক্সট্র্যাক্টর ফ্যান চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অভ্যাস ঘরের বাতাসে আর্দ্রতা কমাতে সাহায্য করতে পারে।

এ ছাড়া ঘরের ভেতরে, বিশেষ করে রেডিয়েটরের ওপর ভেজা কাপড় শুকানো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এতে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। ঘরের বিপরীত পাশে জানালা থাকলে দুটি একসঙ্গে খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করাও কার্যকর হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানালায় পানি জমার সমস্যা নিয়ন্ত্রণে শুধু কাচ পরিষ্কার করাই যথেষ্ট নয়। ঘরের আর্দ্রতা, বাতাস চলাচল ও তাপ নিরোধের ব্যবস্থার দিকেও নজর দিতে হবে। নিয়মিত জানালার পানি মুছে ফেলা এবং স্যাঁতসেঁতে ভাবের মূল কারণ চিহ্নিত করা গেলে কালো ছত্রাকের ঝুঁকি কমানো সম্ভব।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

ফেব্রুয়ারিতে কারাদণ্ড পেয়েছে লন্ডনের যেসব অপরাধী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ডমেস্টিক ভায়োলেন্স প্রতিরোধে জরুরি কন্ট্রোল রুমে বিশেষজ্ঞ নিয়োগ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নির্বাচনী তরী তীরে ভিড়াতে পারবে কি কনজারভেটিভ দল