TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে সেনাবাহিনীতে নিয়োগ থেকে ছাড় পেতে পারেন ৬৫ ধরনের স্বাস্থ্যগত সমস্যায়

রাশিয়ার সঙ্গে উত্তেজনা এবং বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্রিটেনে বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা কনস্ক্রিপশন চালু হলে কারা শারীরিক ও স্বাস্থ্যগত কারণে সেনাবাহিনীতে যোগদানের অযোগ্য বিবেচিত হতে পারেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আবেদনকারীর চিকিৎসা ও শারীরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ৬৫ ধরনের স্বাস্থ্যগত সমস্যা সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তবে এসব রোগ থাকলেই যে প্রত্যেক আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হবেন, বিষয়টি এমন নয়।

ব্রিটিশ সেনাবাহিনীর সরকারি ওয়েবসাইটের নির্দেশনায় বলা হয়েছে, অতীতে স্বাস্থ্যগত সমস্যা থাকলে কিংবা বর্তমানে এমন কোনো রোগ থাকলে, যা দৈনন্দিন জীবনে সাধারণত বড় প্রভাব ফেলে না, তবুও সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবেদনকারীকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেরুদণ্ডে অস্ত্রোপচারের ইতিহাস, দীর্ঘস্থায়ী কোমরব্যথা, সিকল সেল রোগ, থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি ও সি, লিউকেমিয়া এবং রক্ত জমাট বাঁধার সমস্যাও নিয়োগের ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে।

হাড় ও অস্থিসন্ধির সমস্যার মধ্যে রয়েছে হাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথা, কাঁধের নড়াচড়ায় সীমাবদ্ধতা, অঙ্গহানি, জন্মগত বা অস্ত্রোপচার-পরবর্তী পায়ের গঠনগত সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অস্থিসন্ধির রোগ।

হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, কার্ডিওমায়োপ্যাথি এবং হৃদযন্ত্রের গঠনগত সমস্যাও সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে বাধা হতে পারে। এ ছাড়া কানের পর্দা ছিদ্র হওয়া, দীর্ঘস্থায়ী কানের রোগ, শ্রবণশক্তির সমস্যা এবং চোখের গ্লুকোমা, কেরাটোকোনাস, রেটিনাইটিস পিগমেন্টোসার মতো রোগও তালিকায় রয়েছে।

পরিপাকতন্ত্রের সমস্যার মধ্যে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, দীর্ঘস্থায়ী পেটের রোগ এবং প্লীহা অপসারণের ইতিহাস রয়েছে। কিডনির জন্মগত সমস্যা, কিডনিতে পাথর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, বারবার কিডনিতে তীব্র ব্যথা এবং প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যাও বিবেচিত হতে পারে।

স্নায়বিক সমস্যার মধ্যে মৃগীরোগ, মাথায় আঘাতের পর স্নায়বিক জটিলতা, মাইগ্রেন এবং মাল্টিপল স্ক্লেরোসিস রয়েছে। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মধ্যে সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, উদ্বেগ, বিষণ্নতা, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ব্যক্তিত্বজনিত সমস্যা, খাদ্যাভ্যাসজনিত জটিলতা এবং অতীতে আত্মহত্যার চেষ্টা বা ইচ্ছাকৃত আত্মক্ষতির ইতিহাসও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, যক্ষ্মা, গুরুতর সোরিয়াসিস বা ডার্মাটাইটিস, অঙ্গ প্রতিস্থাপনের ইতিহাস, নির্দিষ্ট খাবারে গুরুতর অ্যালার্জি, রেনডস ফেনোমেনন, ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদি ওষুধ বা হরমোন প্রতিস্থাপন চিকিৎসার প্রয়োজনীয়তাও নিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গর্ভবতী নারী কিংবা আবেদন করার আগের তিন মাসের মধ্যে সন্তান জন্ম দিয়েছেন—এমন আবেদনকারীর নিয়োগপ্রক্রিয়া পিছিয়ে দেওয়া হতে পারে। মাদকনির্ভরতার অতীত ইতিহাস থাকলে সেনাবাহিনীতে যোগদানের আগে অন্তত তিন বছর মাদকমুক্ত থাকার প্রমাণ দিতে হবে। তবে অতীতে মাঝেমধ্যে বিনোদনমূলক মাদক গ্রহণের ঘটনা থাকলেই যে আবেদন সরাসরি বাতিল হবে, তা নয়। আবেদন করার আগে অবশ্যই মাদক গ্রহণ বন্ধ করতে হবে।

ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, তালিকাভুক্ত এক বা একাধিক স্বাস্থ্যগত সমস্যা থাকলেও কেউ আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদনকারীর শারীরিক অবস্থা ও চিকিৎসার ইতিহাস আলাদাভাবে পর্যালোচনা করবে সেনাবাহিনীর চিকিৎসক দল। এ ছাড়া নিয়োগের স্বাস্থ্যগত মানদণ্ড ও নির্দেশিকা নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

এনএইচএসে নজিরবিহীন সংকটঃ প্রতিদিন প্রায় ৩ হাজার রোগীর চিকিৎসা করিডোরে

যুক্তরাজ্যে বেকারত্ব ভাতা পেতে বাড়তে পারে নতুন শর্তঃ আসছে ভাতা সংস্কারের চূড়ান্ত পরিকল্পনা

রাজনীতিবিদদের নিরাপত্তা বাড়াচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক