12.1 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ৫০ পেনির কয়েন ঘিরে সংগ্রাহকদের আগ্রহঃ দাম আকাশচুম্বী

ব্রিটেনের হেয়ারফোর্ডশায়ারে ১৯৯৭ সালে তৈরি একটি ৫০ পেনির কয়েন ইবে অনলাইন বাজারে ১৫ হাজার ৮৬ পাউন্ডে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিক্রেতার দাবি, কয়েনটি অত্যন্ত বিরল এবং একেবারে দাগহীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘হেয়ারফোর্ড টাইমস’-এর ১৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইবেতে ‘আরবি_৭০৮২’ নামের এক বিক্রেতা কয়েনটি বিক্রির জন্য তালিকাভুক্ত করেছেন। বিক্রেতা এটিকে ‘স্পটলেস কুইন এলিজাবেথ ১৯৯৭ কয়েন, অত্যন্ত বিরল’ বলে বর্ণনা করেছেন।

১৯৯৭ সালের এই ৫০ পেনির কয়েনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ওই বছর ছোট আকারের ৫০ পেনির কয়েন চালু করা হয়, যা ১৯৬৯ সাল থেকে প্রচলিত বড় আকারের কয়েনের পরিবর্তে ব্যবহৃত হতে শুরু করে।

কয়েনটির পেছনের দিকে সিংহের সঙ্গে বসা ব্রিটানিয়ার ছবি রয়েছে। ব্রিটেনের শক্তি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত এই নকশাটি তৈরি করেছিলেন ক্রিস্টোফার আয়রনসাইড। সামনের দিকে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি।

তবে বিক্রেতা কয়েনটিকে বিরল বলে দাবি করলেও, সাধারণ ব্যবহারের জন্য এ ধরনের ৫০ পেনির ৪৫ কোটি ৬০ লাখেরও বেশি কয়েন তৈরি করা হয়েছিল। ফলে বিক্রেতার চাওয়া দাম বাস্তবে কয়েনটির বাজারমূল্য বা সংগ্রাহকদের কাছে এর গ্রহণযোগ্য মূল্য নিশ্চিত করে না।

অন্যদিকে, ব্রিটেনের রয়্যাল মিন্ট ২০২৬ সালের ক্রিসমাস অ্যাডভেন্ট ক্যালেন্ডারে ২২ ক্যারেট সোনার একটি বিশেষ ৫০ পেনির কয়েন রেখেছে। রয়্যাল মিন্টের নির্ধারিত মূল্য অনুযায়ী, কয়েনটির দাম ২ হাজার ৪৯৫ পাউন্ড। অথচ ক্যালেন্ডারটির দাম মাত্র ৩৯.৯৫ পাউন্ড।

‘লিভারপুল ইকো’-এর ১৭ অক্টোবর প্রকাশিত এবং ১৯ অক্টোবর হালনাগাদ করা প্রতিবেদন অনুযায়ী, ক্যালেন্ডারটিতে মোট ২৪টি দরজা রয়েছে। প্রথম ২৩টি দরজার পেছনে রয়েছে চকোলেট। সাধারণত ২৪ নম্বর দরজার পেছনে পাওয়া যাবে ২০২৬ সালের ‘দ্য স্নোম্যান’ স্মারক ৫০ পেনির রঙিন কয়েন।

তবে বিশেষ একটি ক্যালেন্ডারে সাধারণ কয়েনের পরিবর্তে রাখা হয়েছে ২২ ক্যারেট সোনার সংস্করণটি। ফলে যে ক্রেতা ওই ক্যালেন্ডারটি কিনবেন, তার ভাগ্যে জুটতে পারে নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি দামি একটি কয়েন।

রয়্যাল মিন্টের নতুন এই সংগ্রহ তৈরি হয়েছে ‘স্নোম্যান এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর সঙ্গে যৌথ উদ্যোগে। সংগ্রহে সাধারণ স্মারক কয়েনের পাশাপাশি রঙিন, রুপা ও সোনার সংস্করণও রয়েছে। ২০২৬ সালের কয়েনগুলোর নকশা তৈরি করেছেন অ্যানিমেটর ও চিত্রকর রবিন শ।

এর আগে ২০২৪ সালেও রয়্যাল মিন্টের ক্রিসমাস অ্যাডভেন্ট ক্যালেন্ডারে সোনার স্নোম্যান কয়েন লুকিয়ে রাখার প্রচারণা চালানো হয়েছিল। এবারের আয়োজনেও ক্রিসমাসের আনন্দের সঙ্গে মূল্যবান স্মারক কয়েন পাওয়ার সুযোগ যুক্ত করা হয়েছে।

সূত্রঃ হেয়ারফোর্ড টাইমস ও লিভারপুল ইকো।

এমকে

আরো পড়ুন

১৩ মাস বয়সী শিশুকে যুক্তরাজ্য হতে অপসারণের নির্দেশ দিলো হোম অফিস

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ধসে পড়ছে, ক্যান্সার রোগীরা মৃত্যুঝুঁকিতে

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা