12.6 C
London
September 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

ব্রিটেন-আর্জেন্টিনা বিরোধের আগুনে অস্ত্রের ব্যবসাঃ ডোনাল্ড ট্রাম্পের নতুন চাল

যুক্তরাষ্ট্র আর্জেন্টিয়ার কাছে চারটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির প্রস্তুতি নিচ্ছে। চুক্তিটির মূল্য ১৪ কোটি মার্কিন ডলার, যা প্রায় ১০ কোটি ৩০ লাখ পাউন্ড। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিয়ার মধ্যে বিরোধ অব্যাহত থাকার মধ্যেই এই সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রস্তাবিত বিক্রির অনুমোদন দিয়েছে। চুক্তির আওতায় চারটি ইউএইচ-৬০এল ব্ল্যাক হক হেলিকপ্টার, দুটি টি৭০০-জিই-৭০১ডি ইঞ্জিন এবং উন্নত নেভিগেশন ও রাডার সরঞ্জাম সরবরাহ করা হবে।

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে নিরাপত্তা হুমকি মোকাবিলা, সংগঠিত ও আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষেত্রে আর্জেন্টিয়ার সক্ষমতা বাড়বে। যুক্তরাষ্ট্র আর্জেন্টিয়াকে ন্যাটোর সদস্য নয়—এমন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে এবং তাদের মতে, এই বিক্রি দক্ষিণ আমেরিকায় মার্কিন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা লক্ষ্য এগিয়ে নিতে সহায়ক হবে।

এদিকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দাবি নতুন করে জোরালো করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আর্জেন্টিয়ায় দ্বীপগুলোকে ‘ইসলাস মালভিনাস’ নামে অভিহিত করা হয়। সাম্প্রতিক সময়ে মিলেই দাবি করেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি আর্জেন্টিয়ার সার্বভৌমত্বের দাবির জন্য আরও অনুকূল হয়ে উঠছে।

গত সপ্তাহে এক টেলিভিশন ভাষণে মিলেই বলেন, তার দেশ শেষ পর্যন্ত দ্বীপগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তার সরকার ফকল্যান্ডের উপকূলের কাছে সি লায়ন তেলক্ষেত্রে অনুসন্ধানের সঙ্গে যুক্ত তেল কোম্পানিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্জেন্টিয়ার সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। আর্জেন্টিয়া তিয়েরা দেল ফুয়েগোতে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এর পাশাপাশি দেশটি পশ্চিমা নির্মিত এফ-১৬ যুদ্ধবিমানও সংগ্রহ করেছে।

তবে চারটি ব্ল্যাক হক হেলিকপ্টার ফকল্যান্ডকে ঘিরে সামরিক ভারসাম্যে মৌলিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে না। প্রতিটি হেলিকপ্টারে প্রায় ১১ জন সেনা বহন করা যায় এবং অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহার করে এর যুদ্ধপরিসর প্রায় ৩২০ থেকে ৩৭০ মাইল।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিয়ার সবচেয়ে কাছের স্থলভাগ থেকে প্রায় ২৫০ মাইল দূরে। ফলে হেলিকপ্টারগুলো একমুখী উড্ডয়নে সেখানে পৌঁছাতে সক্ষম হলেও সীমিত পরিসরের কারণে অতিরিক্ত সহায়তা ছাড়া সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হবে।

আর্জেন্টিয়ার কাছে এমন কোনো নির্দিষ্ট নৌযান নেই, যার মাধ্যমে হেলিকপ্টারগুলোকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে পরিবহন করা যায়। অতিরিক্ত জ্বালানি ট্যাংক ব্যবহার করলে ব্ল্যাক হকের পরিসর প্রায় ৯৫০ মাইল পর্যন্ত বাড়ানো সম্ভব হলেও সংঘাতপূর্ণ আকাশসীমায় এসব হেলিকপ্টার ঝুঁকির মধ্যে থাকবে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ফলে হালকা অস্ত্রে সজ্জিত ব্ল্যাক হক হেলিকপ্টার সেখানে অভিযান চালানোর চেষ্টা করলে ব্রিটিশ যুদ্ধবিমান বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

ফকল্যান্ড বিরোধ থাকা সত্ত্বেও আর্জেন্টিয়ার কাছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে ব্রিটিশ কর্মকর্তাদের আগে থেকেই এই বিক্রিতে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের বিরোধের কারণে ব্রিটেন দীর্ঘদিন ধরে আর্জেন্টিয়ার কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে।

ফকল্যান্ড যুদ্ধের অভিজ্ঞ সাবেক রয়্যাল নেভি প্রধান অ্যাডমিরাল লর্ড অ্যালান ওয়েস্ট বলেছেন, ওয়াশিংটন হয়তো বুয়েনস আয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। তবে তিনি বলেছেন, ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো কৌশলগত পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আনবে না।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের সাবেক সেনা সদস্য সাইমন ওয়েস্টনও হেলিকপ্টারগুলোর সামরিক প্রভাবকে সীমিত হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ব্ল্যাক হকের নকশা ভিয়েতনাম যুদ্ধের সময়কার।

আর্জেন্টিয়া এর আগে একটি এস-৭০এ-৩০ ব্ল্যাক হক পরিচালনা করত। ১৯৯৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেমের আমলে হেলিকপ্টারটি সংগ্রহ করা হয়েছিল। কয়েক দশক ধরে এটি প্রেসিডেন্টের বহরে ব্যবহারের পর আর্জেন্টিয়ার বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সূত্রঃ জিবি নিউজ।

এম.কে

আরো পড়ুন

ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপঃ হরমুজে জাহাজ চলাচল নিয়ে আলোচনা

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে ৬ লাখেরও বেশি কর্মী নেবে জার্মানী

সামাজিক যোগাযোগমাধ্যমেই অর্থ লেনদেনের নতুন যুগঃ ‘এক্স মানি’ চালু করলেন ইলন মাস্ক