TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেন ছেড়ে পোল্যান্ডে ফিরছেন হাজারো অভিবাসীঃ বদলে যাচ্ছে অর্থনৈতিক সমীকরণ

ব্রিটেন থেকে পোল্যান্ডে ফিরছেন বিপুলসংখ্যক পোলিশ নাগরিক। একসময় উন্নত কর্মসংস্থান ও বেশি আয়ের আশায় যেসব মানুষ পোল্যান্ড ছেড়ে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন, তাদের অনেকেই এখন নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। পোল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার তুলনামূলক কম ব্যয়, কর ছাড় এবং উন্নত কর্মসংস্থানের সুযোগ এ প্রত্যাবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে ব্রিটেনের অর্থনৈতিক স্থবিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশটিতে থাকার আগের আর্থিক সুবিধা অনেকটাই কমে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী রোমান কোখ ২০০৫ সালে পোল্যান্ড থেকে লন্ডনে এসেছিলেন। উদ্দেশ্য ছিল কয়েক মাসের জন্য কাজ করা। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্রিটেনে ১৬ বছর কাটান। ওয়েলসে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার পর হ্যাম্পশায়ারে নিজের ব্যবসাও গড়ে তোলেন। ২০১৬ সালে নেদারল্যান্ডসে চলে যাওয়ার পর ২০২১ সালে স্ত্রী আন্না ও তিন সন্তানকে নিয়ে পোল্যান্ডের রক্লো শহরে ফিরে যান। বর্তমানে তিনি মোটরওয়ে ও স্টেডিয়ামের আলোকসজ্জা নিয়ন্ত্রণের প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

রোমান কোখের ভাষ্য, পরিবারের সদস্যদের দেখাশোনার জন্য দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও পোল্যান্ডে সন্তানদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ তাদের কাছে বেশি ভালো মনে হয়েছে। তার মতে, ব্রিটেনে দীর্ঘদিন কাজ করে বাড়ি কেনা এবং আর্থিকভাবে স্বচ্ছল হওয়া অনেক পোলিশ পরিবার এখন সেই সম্পদ কাজে লাগিয়ে দেশে ফিরে পরিবারের কাছাকাছি জীবন কাটাতে চাইছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর পোল্যান্ড থেকে কয়েক লাখ মানুষ পশ্চিম ইউরোপে পাড়ি জমান। সে সময় তুলনামূলক সমৃদ্ধ অর্থনীতি এবং শ্রমবাজারে সুযোগ থাকায় ব্রিটেন ছিল তাদের অন্যতম প্রধান গন্তব্য। ২০১৭ সালে ব্রিটেনে পোলিশ নাগরিকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। কিন্তু ব্রেক্সিটের পর পরিস্থিতি বদলাতে শুরু করে।

পোলিশ ইকোনমিক ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, গত বছরের শেষ দিকে ব্রিটেনে পোলিশ নাগরিকের সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৩৮ হাজার। ২০২১ সালের পর থেকে ব্রিটেনে আসা পোলিশ নাগরিকের তুলনায় দেশটি ছেড়ে চলে যাওয়া পোলিশ নাগরিকের সংখ্যা অন্তত দ্বিগুণ। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে প্রায় ১৯ হাজার পোলিশ নাগরিক ব্রিটেন ছেড়েছেন। বিপরীতে নতুন করে এসেছেন মাত্র ৬ হাজার।

ব্রিটেনে কাজ করতে আসা পোলিশ নাগরিকদের জন্য একসময় যে আর্থিক সুবিধা ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে নিযুক্ত পোল্যান্ডের সাবেক রাষ্ট্রদূত পিওতর উইলচেক বলেন, ২০০৪ সালের পর তরুণ পোলিশদের জন্য পশ্চিম ইউরোপে যাওয়া ছিল স্বাভাবিক অর্থনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এখন পোল্যান্ডেই অনেক তরুণ ভালো ক্যারিয়ার গড়তে পারছেন। ফলে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা আগের মতো নেই।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ডে বেকারত্বের হার ছিল মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এটি অন্যতম সর্বনিম্ন। একই সময়ে ব্রিটেনে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ।

তবে বেতনের ক্ষেত্রে ব্রিটেন এখনো এগিয়ে রয়েছে। দেশটিতে মাসিক মধ্যম বেতন প্রায় ২ হাজার ৭০০ পাউন্ড। পোল্যান্ডে তা প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড। অর্থাৎ ব্রিটেনে গড় আয় এখনো প্রায় দ্বিগুণ। তবে দুই দেশের বেতনের ব্যবধান আগের তুলনায় অনেক কমেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, গত দুই দশকে পোল্যান্ডের অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ হিসেবে পোল্যান্ড মন্দা এড়াতে সক্ষম হয়েছিল। অন্যদিকে একই সময়ে ব্রিটেনের মাথাপিছু প্রকৃত জিডিপি বেড়েছে মাত্র ১৫ শতাংশ।

ক্রয়ক্ষমতার ভিত্তিতে হিসাব করলে, ১০ বছর আগে পোল্যান্ডের মাথাপিছু জিডিপি ছিল ব্রিটেনের প্রায় দুই-তৃতীয়াংশ। বর্তমানে তা বেড়ে ৮০ শতাংশের বেশি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে দুই দেশের অর্থনৈতিক অবস্থান প্রায় সমান পর্যায়ে পৌঁছাতে পারে।

ওয়ারশর কোজমিনস্কি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারচিন পিয়াতকোভস্কি মনে করেন, আয়, জীবনযাত্রার মান ও সুখের সূচকে পোল্যান্ড এখন ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়ার পথে। তার মতে, পোল্যান্ডে বাড়িভাড়া, চুল কাটানোসহ দৈনন্দিন অনেক খরচ ব্রিটেনের তুলনায় কম। ফলে বেতনের ব্যবধান হিসাব করলেও পোল্যান্ডে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে।

তিনি আরও জানান, করোনা মহামারির পর পোলিশদের প্রকৃত মজুরি পাউন্ডের হিসাবে ৫০ শতাংশের বেশি বেড়েছে। ফলে পোল্যান্ডের নাগরিকদের কাছে বিদেশে কাজ করার আর্থিক আকর্ষণ আগের তুলনায় কমে গেছে।

পোল্যান্ডে ফিরে যাওয়ার অন্যতম বড় প্রণোদনা হচ্ছে সরকারের কর ছাড়ের ব্যবস্থা। ২০২২ সালে চালু হওয়া এই সুবিধার আওতায় বিদেশে বসবাসের পর দেশে ফিরে আসা যোগ্য পোলিশ নাগরিকরা টানা চার বছর পর্যন্ত বছরে প্রথম ৮৫ হাজার ৫২৮ জ্লোটি (প্রায় ১৬ হাজার ৯৪৪ পাউন্ড) আয়ের ওপর আয়কর ছাড় পান।

যোগ্য বিদেশি নাগরিকরাও পোল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করলে এই সুবিধার আওতায় আসতে পারেন। এ ছাড়া দেশটিতে ২৬ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট আয়সীমা পর্যন্ত আয়কর দিতে হয় না। ফলে তরুণ কর্মীদের জন্য এটি বাড়তি আর্থিক সুবিধা তৈরি করছে।

পোল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে রপ্তানি খাতের বড় ভূমিকা রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় অর্ধেক আসে রপ্তানি থেকে। ব্রিটেনে এ হার প্রায় ৩০ শতাংশ।

তবে পোল্যান্ডের অর্থনীতির সামনেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশটির জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে। পোলিশ ইকোনমিক ইনস্টিটিউটের পূর্বাভাস অনুযায়ী, অবসরে যাওয়ার কারণে ২০৩৫ সালের মধ্যে দেশটি ২০ লাখের বেশি কর্মী হারাতে পারে, যা বর্তমান কর্মশক্তির প্রায় এক-অষ্টমাংশ।

এ ছাড়া পোল্যান্ডে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার প্রায় ১ দশমিক ১। ব্রিটেনে এই হার প্রায় ১ দশমিক ৪। ফলে ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠীর সংকট মোকাবিলায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনা পোলিশ সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

৩৬ বছর বয়সী লুকাশ স্টুপকা ২০১১ সালে ফুটবল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার জন্য পোল্যান্ডের ক্রাকোর কাছের নিজ শহর ছেড়ে ইংল্যান্ডের সাউদাম্পটনে যান। সেখানে তার সময় ভালো কাটলেও পরে ক্রাকোর শীতকালীন অলিম্পিক আয়োজনের বিডের সঙ্গে কাজ করার সুযোগ পান।

তিনি জানান, ইংল্যান্ডে যে বেতন পেতেন, পোল্যান্ডে নতুন চাকরিতে তার দুই থেকে তিন গুণ বেতন পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তখনই তিনি বুঝতে পারেন, পোল্যান্ডের অর্থনীতি দ্রুত শক্তিশালী হচ্ছে।

বর্তমানে তিনি পোল্যান্ডের প্রথম বিভাগের ফুটবল ক্লাব ভিসওয়া প্লকের স্পোর্টিং ডিরেক্টর। তার দাবি, ব্রিটেন থেকে ফিরে আসা তার বন্ধুদের অনেকেই এখন পোল্যান্ডে আগের মতোই কাজ করছেন, কিন্তু আয় করছেন বেশি। একসময় যেসব বন্ধু বিদেশে যাওয়ার সুযোগ খুঁজতেন, এখন তাদের কেউ কেউ বিদেশের চাকরির প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন।

স্টুপকার মতে, পোল্যান্ডে আবাসন খাতেও তরুণদের সুযোগ বেড়েছে। তুলনামূলক কম সুদের ঋণ এবং বাড়তে থাকা বেতনের কারণে অনেকেই বাড়ি কিনছেন। বিশেষ করে চিকিৎসকদের আয় এতটাই বেড়েছে যে তারা নিজেদের বাড়ি কেনার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্য একাধিক অ্যাপার্টমেন্টও কিনতে পারছেন।

তার ভাষ্য, পোল্যান্ডে মাঝারি আয়ের একজন কর্মীর পক্ষেও ঋণ নিয়ে বাড়ি কেনা সম্ভব। ভাড়া থেকে পাওয়া অর্থ দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করে দীর্ঘমেয়াদে সম্পদের মালিক হওয়া যায়। ব্রিটেনে এ ধরনের সুযোগ মূলত লন্ডনের উচ্চ আয়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ।

পোল্যান্ডের অর্থনৈতিক সাফল্য থেকে ব্রিটেনের কী শেখার আছে—এমন প্রশ্নে অধ্যাপক পিয়াতকোভস্কি রসিকতা করে বলেন, ব্রিটেনের উচিত আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসা।

তবে বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে তিনি ব্রিটেনের অবকাঠামোগত দুর্বলতা দূর করা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

তার মতে, ইউরোপীয় ইউনিয়নের বিপুল অর্থায়ন পোল্যান্ডের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র দুই দশকে দেশটিতে প্রায় ৩ হাজার ১০০ মাইল মোটরওয়ে নির্মিত হয়েছে। আগামী ১০ বছরে উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অধ্যাপক পিয়াতকোভস্কির বক্তব্য, ব্রিটেন লন্ডন থেকে বার্মিংহাম পর্যন্ত একটি উচ্চগতির রেললাইন নির্মাণেও দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে। অথচ পোল্যান্ড আগামী দশকে এ ধরনের রেল নেটওয়ার্ক বাস্তবায়ন করতে পারবে বলে তিনি আশাবাদী।

প্রতিবেদনে বলা হয়েছে, একসময় পোল্যান্ডের নাগরিকদের কাছে ব্রিটেন ছিল উন্নত জীবন ও আর্থিক সচ্ছলতার প্রতীক। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, কর সুবিধা এবং জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তিত হিসাব এখন সেই সমীকরণ বদলে দিচ্ছে। ফলে ব্রিটেনে দীর্ঘদিন বসবাস ও কাজ করার পরও অনেক পোলিশ পরিবার নিজ দেশে ফিরে নতুন করে জীবন শুরু করতে আগ্রহী হচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

‘৪০ বছরের সবচেয়ে বড় পরিবর্তনের’ প্রতিশ্রুতিঃ শুরুতেই সমালোচনার মুখে বার্নহাম সরকার

আধুনিক দাসত্বঃ সুরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ২০২৬ সালের গাড়ির কর নিয়ে নতুন নিয়ম