TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মাইক্রোসফটের বৈশ্বিক বিপর্যয়ে অচল যুক্তরাজ্যের হাসপাতাল, পুলিশ ও স্কুলসহ জরুরি সেবা

মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয়ে যুক্তরাজ্যের হাসপাতাল, জিপি সার্জারি, পুলিশ, স্কুল, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইমেইল, ক্যালেন্ডার ও অন্যান্য ডিজিটাল সেবা ব্যবহার করতে না পারায় অনেক হাসপাতালের কর্মীদের রোগীর তথ্য কাগজে লিখে রাখতে হচ্ছে। কোথাও চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাচ্ছে না, আবার প্রেসক্রিপশন পেতেও বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শুরু হওয়া এই বিপর্যয়ে মাইক্রোসফট ৩৬৫ সেবার বিভিন্ন অংশ অকার্যকর হয়ে পড়ে। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের আউটলুক ইমেইলে প্রবেশ করতে পারেননি। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ইমেইল, ক্যালেন্ডার ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি। হাসপাতাল ও জিপি সার্জারির কর্মীরা শুক্রবার সকালে কাজে যোগ দিয়ে ইমেইলসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করতে সমস্যায় পড়েন। ফলে রোগীদের অ্যাপয়েন্টমেন্টের সময় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফার্মাসিস্টরাও প্রেসক্রিপশন সরবরাহে সম্ভাব্য বিলম্বের বিষয়ে সতর্ক করেছেন।

একটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবাতেও গুরুতর প্রভাব পড়েছে।

এনএইচএস ইংল্যান্ডের একজন মুখপাত্র জানান, প্রযুক্তিগত বিপর্যয় মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই নির্ধারিত বিকল্প ব্যবস্থা কার্যকর করছে। প্রয়োজন অনুযায়ী অন্য প্রযুক্তিগত ব্যবস্থা অথবা কাগজের নথি ব্যবহার করে রোগীদের জরুরি চিকিৎসা ও অ্যাপয়েন্টমেন্ট চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

মাইক্রোসফটের বিপর্যয়ে যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনীর অনলাইন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অপরাধের অভিযোগ জানাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জরুরি নয় কিন্তু সময়ের দিক থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ জানাতে ১০১ নম্বরে ফোন করতে হবে। আর জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে। দেশের অন্যান্য পুলিশ বাহিনীও একই ধরনের নির্দেশনা দিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বিপর্যয়ের বাইরে থাকেনি। ইংল্যান্ডে স্কুল পরিদর্শন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। স্কুল পরিদর্শন সংস্থা অফস্টেড জানিয়েছে, তারা ইমেইল গ্রহণ করতে পারছে না। যুক্তরাজ্যের শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এ সমস্যায় পড়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের যোগাযোগ, তথ্য সংরক্ষণ ও অনলাইন শিক্ষা কার্যক্রমে আউটলুক, ওয়ানড্রাইভ এবং মাইক্রোসফটের অন্যান্য সেবার ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে।

প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে রেলযাত্রীদেরও সতর্ক করেছে ন্যাশনাল রেল। ইমেইলে পাঠানো ডিজিটাল টিকিট ব্যবহার করতে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে। যাত্রীদের ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে বিকল্প উপায়ে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক ছিল এবং সামগ্রিক পরিবহনব্যবস্থায় বিঘ্ন তুলনামূলক সীমিত ছিল।

যুক্তরাজ্যের আগে থেকেই জটের মধ্যে থাকা আদালত ব্যবস্থাও বিপর্যয়ের শিকার হয়েছে। কয়েকটি মামলায় জুরিদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথাও বন্দিদের আদালতে হাজির করা সম্ভব হয়নি।

ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে বিচারক মরিস গ্রিন জানান, শুক্রবার সকালে আদালতের কর্মীরা একটি ফ্যাক্স মেশিন খুঁজছিলেন।

তিনি জুরিদের উদ্দেশে বলেন, কম্পিউটার ব্যবস্থা ও প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিপদ এখন স্পষ্ট হচ্ছে। আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করে। ফলে এই বিপর্যয়ে তাদের কার্যক্রমেও বিলম্ব হচ্ছে।

এই বিপর্যয়ের পর যুক্তরাজ্যের সরকারি ও জরুরি সেবাগুলো কেন অল্প কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এত বেশি নির্ভরশীল, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

হাউস অব লর্ডসের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সাবেক কমিটির চেয়ারম্যান টিম ক্লেমেন্ট-জোনস ঘটনাটিকে সরকারের জন্য আগে থেকেই দেওয়া সতর্কবার্তার বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, মাইক্রোসফটের মতো একটি প্রতিষ্ঠানের ওপর এত বেশি নির্ভরতা ঝুঁকিপূর্ণ। সবকিছু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল করে রাখা উচিত নয়। অথচ সরকার দীর্ঘদিন ধরে সেটিই করে আসছে।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরের ইমেইল, যোগাযোগব্যবস্থা ও তথ্য সংরক্ষণের ক্ষেত্রে বিকল্প এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিশ্চিত করতে সরকার যথেষ্ট গুরুত্ব দেয়নি।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্য সরকার মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্সের জন্য প্রায় ১৯০ কোটি পাউন্ড ব্যয় করেছে। এ ছাড়া অ্যামাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানের পেছনেও কয়েক শ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। তবে সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কতটা এসব প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিচালিত হয়, তার নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

কমন্সের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির চেয়ারম্যান ডেম চি অনউরা বলেন, এই বিপর্যয় যুক্তরাজ্যের ডিজিটাল অবকাঠামোর দুর্বলতা এবং নিরাপত্তা, অর্থনীতি ও জনসেবার জন্য তৈরি হওয়া ঝুঁকিকে সামনে এনেছে।

তার মতে, অল্প কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিকাশেও বাধা সৃষ্টি করছে। সরকার নিজেই জানে না তথ্যপ্রযুক্তি খাতে কত অর্থ ব্যয় হচ্ছে এবং কোন প্রতিষ্ঠানের পেছনে সেই অর্থ যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রযুক্তিগত স্বাধীনতা ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা কঠিন।

মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না জানিয়েছেন, প্রাথমিকভাবে এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। পরবর্তী আপডেটে তারা জানায়, ইমেইল ট্রাফিক পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি ও শিল্পবিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেন, প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা যত বাড়ছে, এ ধরনের বিপর্যয়ের ঝুঁকিও তত স্পষ্ট হচ্ছে। তাই প্রযুক্তিগত সেবা বন্ধ হয়ে গেলেও জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সরকার মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র জানার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীকেও নিয়মিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। সরকারি দপ্তরগুলোর জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটরা এই ঘটনাকে জাতীয় পর্যায়ের দুর্যোগ মোকাবিলা সক্ষমতার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে এনএইচএস, পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবায় এত বড় প্রভাব পড়া উচিত নয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে মার্চ থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে অস্তিত্ব সংকটে ক্ষুদ্র ব্যবসাঃ সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি

ক্রিসমাসের সময় ব্রিটেনের ‘টিয়ার-৪’ এলাকায় যা যা মানতে হবে