16.3 C
London
September 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ব্রিটেনে ডিজেলের দামে নতুন রেকর্ডঃ বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

ব্রিটেনে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির বিভিন্ন ফোরকোর্টে বর্তমানে প্রতি লিটার ডিজেল গড়ে ১৯৯ দশমিক ১৮ পেন্সে বিক্রি হচ্ছে। এর মধ্য দিয়ে ২০২২ সালের জুনে গড়া আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে দাম।

ব্রিটিশ মোটরিং সংস্থা আরএসি (RAC) ফুয়েল ওয়াচের তথ্য অনুযায়ী, ডিজেলের গড় দাম প্রতি লিটারে ১৯৯ দশমিক ১৮ পেন্সে উঠেছে। এর আগে ২০২২ সালের জুনে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ডিজেলের সর্বোচ্চ গড় দাম ছিল ১৯৯ দশমিক ০৯ পেন্স।

বর্তমান দাম ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড করা সর্বনিম্ন দামের তুলনায় প্রায় দ্বিগুণ। ওই সময় ব্রিটেনে প্রতি লিটার ডিজেলের গড় দাম ছিল মাত্র ১০০ দশমিক ১৯ পেন্স।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের সংঘাত বড় ভূমিকা রাখছে। সংঘাতের কারণে তেল ও পরিশোধিত জ্বালানির উৎপাদন এবং সরবরাহে প্রভাব পড়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়ছে।

তবে প্রাকৃতিক গ্যাসের মতো ডিজেলও তুলনামূলকভাবে আরও তীব্র চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রে কৃষক ও পণ্য পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ডিজেলের দাম কমানোর আহ্বান জানাচ্ছেন। তাদের চাপের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহের পরিবর্তন হলে যুক্তরাজ্যেও ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাজ্যে মার্চ থেকে মূল্যস্ফীতিতে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করলে পেট্রোল ও ডিজেলের দামও দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কয়েক ঘণ্টার মধ্যেই পাম্পে দাম বাড়তে শুরু করে এবং এরপর শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার বিভিন্ন অগ্রগতির সঙ্গে জ্বালানির বাজারেও ওঠানামা হয়েছে।

আরএসি-এর পলিসি প্রধান সাইমন উইলিয়ামস বলেছেন, ডিজেলের দাম এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা আগে দেখা যায়নি। তার ভাষায়, এই পরিস্থিতি শুধু গাড়িচালকদের জন্যই নয়, ডিজেলচালিত লরি ও ভ্যানের ওপর নির্ভরশীল পণ্য ও সেবা ক্রেতাদের জন্যও বাড়তি চাপ তৈরি করবে।

তিনি বলেন, পরিবহন খরচ বাড়ার কারণে সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও চাপিয়ে দেওয়া হতে পারে।

উইলিয়ামস আরও বলেন, এত বেশি দাম আবারও মনে করিয়ে দিচ্ছে যে যুক্তরাজ্য দেশের সীমানার বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি কতটা নির্ভরশীল। তার মতে, পাম্পে জ্বালানির দাম কমাতে হলে কয়েক দিনের জন্য নয়, কয়েক সপ্তাহ ধরে তেলের দাম কম পর্যায়ে থাকতে হবে।

আরএসি জানিয়েছে, তাদের প্রকাশিত জ্বালানির দাম যুক্তরাজ্যের গড় হিসাব, যা প্রতিদিন সকাল ১০টায় নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে জ্বালানি, খাদ্য ও জ্বালানিসংক্রান্ত ব্যয়ের প্রবণতা পর্যবেক্ষণ করছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

‘শীতল যুদ্ধের চেয়েও বড় হুমকিতে ব্রিটেন’, সেনাবাহিনী দ্রুত শক্তিশালী করার আহ্বান

যুক্তরাজ্যে আসছে গরমের ঢেউঃ তাপপ্রবাহের আশঙ্কা মেট অফিসের

কেমব্রিজের পরিবেশবান্ধব মসজিদ পরিদর্শনে রাজা তৃতীয় চার্লসঃ সবুজ প্রযুক্তির প্রশংসা