18.4 C
London
September 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মর্ডান স্লেভারির শিকার স্কিলড ওয়ার্কারদের বড় সুযোগঃ ৮ অক্টোবর থেকে যেকোনো কাজের সুযোগ

মর্ডান স্লেভারির শিকার স্কিলড ওয়ার্কার ভিসাধারীদের জন্য বড় ধরনের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ব্রিটেনের হোম অফিস। ৮ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল রেফারাল মেকানিজম বা এনআরএমে রেফার হওয়ার পর ‘পজিটিভ কনক্লুসিভ গ্রাউন্ডস’ সিদ্ধান্ত পাওয়া যোগ্য স্কিলড ওয়ার্কাররা তাদের বর্তমান কাজের সীমাবদ্ধতা ছাড়াই অন্য চাকরিতে কাজ করার সুযোগ পাবেন।

৩ সেপ্টেম্বর প্রকাশিত ইমিগ্রেশন রুলসের পরিবর্তনসংক্রান্ত বিবৃতি এই নতুন ব্যবস্থা যুক্ত করেছে। নতুন এসডব্লিউ ১৮.৩ অনুযায়ী, সংশ্লিষ্ট শর্ত পূরণ করলে স্কিলড ওয়ার্কারদের বর্তমান কাজের বিধিনিষেধ পরিবর্তন করা যেতে পারে। এর ফলে তারা স্বনিয়োজিত কাজ ও স্বেচ্ছাসেবামূলক কাজসহ প্রায় যেকোনো কাজ করতে পারবেন। তবে পেশাদার ক্রীড়াবিদ বা পেশাদার ক্রীড়া কোচ হিসেবে কাজ করা যাবে না।

বর্তমানে স্কিলড ওয়ার্কার ভিসাধারীরা মূলত যে চাকরির জন্য স্পনসর করা হয়েছে, সেই কাজেই নিয়োজিত থাকতে পারেন। সীমিত কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাজ, স্বেচ্ছাসেবা, পড়াশোনা এবং নোটিশ পিরিয়ডে কাজের অনুমতি রয়েছে। নতুন নিয়মের মাধ্যমে আধুনিক দাসত্বের শিকার স্বীকৃত কর্মীদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা শিথিল করা হচ্ছে।

তবে নতুন নিয়মে কারা নিশ্চিতভাবে সুবিধা পাবেন, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এসডব্লিউ ১৮.৩-এ বলা হয়েছে, যোগ্য কর্মীদের ভিসার শর্ত পরিবর্তন করা ‘যেতে পারে’। সব পজিটিভ কনক্লুসিভ গ্রাউন্ডস সিদ্ধান্ত পাওয়া কর্মীর শর্ত পরিবর্তন করা হবে কি না, নাকি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা করা হবে—এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশিত হয়নি।

যোগ্য কর্মীদের আলাদাভাবে আবেদন করতে হবে কি না, নাকি হোম অফিস নিজে থেকেই তাদের ভিসার শর্ত পরিবর্তন করে জানাবে, সেটিও স্পষ্ট নয়। অক্টোবর মাসে হোম অফিসের নতুন নির্দেশিকা প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হওয়ার কথা।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন নিয়মের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো সেটেলমেন্ট বা স্থায়ী বসবাসের বিষয়টি। ৩ সেপ্টেম্বরের পরিবর্তনে স্কিলড ওয়ার্কারদের সেটেলমেন্টের জন্য প্রয়োজনীয় স্পনসরশিপ ও বেতনের শর্ত পরিবর্তন করা হয়নি।

অ্যাপেনডিক্স স্কিলড ওয়ার্কারের এসডব্লিউ ২৪.১ থেকে এসডব্লিউ ২৪.২ অনুযায়ী, স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীকে এখনো হোম অফিস অনুমোদিত নিয়োগকর্তার স্পনসরশিপের অধীনে থাকতে হবে এবং নির্ধারিত বেতনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। ফলে নতুন নিয়মে শোষণমূলক চাকরি থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হলেও সেটেলমেন্টের জন্য নতুন স্পনসর প্রয়োজন হতে পারে।

ন্যাশনাল রেফারাল মেকানিজমে প্রবেশাধিকারও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। আধুনিক দাসত্বের শিকারদের শনাক্ত করা এবং তাদের এনআরএমে রেফার করার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। শ্রম অধিকার লঙ্ঘনের সব ঘটনা কর্মকর্তাদের সংজ্ঞা অনুযায়ী আধুনিক দাসত্ব হিসেবে বিবেচিত না হওয়ায় কিছু কর্মী এই ব্যবস্থার বাইরে থেকে যেতে পারেন।

চাকরির প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত নিয়োগ ফি নেওয়া হলেও পরে সেই চাকরি না পাওয়ার মতো আর্থিক প্রতারণার ক্ষেত্রেও অনেক ভুক্তভোগী এনআরএমের মাধ্যমে সহায়তা পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়ার্ক রাইটস সেন্টারের কাছ থেকে পাওয়া হোম অফিসের ফ্রিডম অব ইনফরমেশন তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত তিন বছরের বেশি সময়ে মাত্র ৬৪৫ জন স্কিলড ওয়ার্কার ধরনের ভিসাধারীকে ন্যাশনাল রেফারাল মেকানিজমে রেফার করা হয়েছিল।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে এর বাস্তবায়ন, এনআরএমে প্রবেশাধিকার এবং শ্রম ও আর্থিক শোষণের বিভিন্ন ধরনকে কর্তৃপক্ষ কীভাবে বিবেচনা করে তার ওপর।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট\ যুক্তরাজ্য হোম অফিসের ইমিগ্রেশন রুলসের পরিবর্তনসংক্রান্ত বিবৃতি

এমকে

আরো পড়ুন

বাড়ির সামনে থেকে ব্রিটিশ নারী অপহরণঃ পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

যুক্তরাজ্যের রাস্তায় চলছে অবাধে অবৈধ মাংস কেনাবেচা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর বয়স মূল্যায়নে সমাজকর্মীদের কাজ করা উচিত নয়: বৃটিশ পেশাদার সংস্থা ;