TV3 BANGLA
বাংলাদেশ

মেট্রোরেলের নেপথ্যের ৭ জাপানিঃ উন্নয়নের স্বপ্ন দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন হলি আর্টিজানে

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারানো সাত জাপানি নাগরিককে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে, বিশেষ করে ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরিকল্পনা ও গবেষণায় তাদের গুরুত্বপূর্ণ অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে।

নিহত সাত জাপানি নাগরিকই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অধীনে ঢাকায় মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সংশ্লিষ্ট সমীক্ষার কাজে নিয়োজিত ছিলেন। তারা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ প্রকল্পের পরিকল্পনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতদের মধ্যে ছিলেন হিরোশি তানাকা (৮০), হিদেকি হাশিমোতো (৬৫), নোবুহিরো কুরোসাকি (৪৮), কোয়ো ওগাসাওয়ারা (৫৬), ইউকো সাকাই (৪২), মাকোতো ওকামুরা (৩২) এবং রুই শিমোদাইরা (২৭)। তাদের মধ্যে হিরোশি তানাকা ছিলেন জাপান ন্যাশনাল রেলওয়ের সাবেক প্রকৌশলী। তিনি ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে জরিপের কাজে বাংলাদেশে এসেছিলেন। কোয়ো ওগাসাওয়ারা ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ এবং মাকোতো ওকামুরা পরিবহন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। অন্যদিকে, ২৭ বছর বয়সী রুই শিমোদাইরা ছিলেন দলের সর্বকনিষ্ঠ সদস্য।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় এই সাত জাপানি নাগরিকসহ মোট ২০ জন জিম্মি নিহত হন। তাদের মৃত্যু বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় নিয়োজিত জাপানি বিশেষজ্ঞদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়ায়।

তাদের স্মৃতি ধরে রাখতে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই স্মৃতিস্তম্ভে নিহত জাপানি নাগরিকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতি বছর জুলাই মাসে জাইকা ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং নীরবতা পালন করেন। ২০২৬ সালে হলি আর্টিজান হামলার দশম বার্ষিকীতেও তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।

বাংলাদেশের মেট্রোরেল এখন রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকল্পের পরিকল্পনা, গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক পর্যায়ে নিহত সাত জাপানি বিশেষজ্ঞের শ্রম ও মেধা জড়িয়ে রয়েছে। তাদের কাজ শুধু একটি অবকাঠামো প্রকল্পের অংশ নয়, বরং বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা এবং বন্ধুত্বেরও এক গুরুত্বপূর্ণ স্মারক।

সূত্রঃ প্রথম আলো\জাইকা

এমকে

আরো পড়ুন

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্ত

যুক্তরাষ্ট্রের দখলে যাচ্ছে বাংলাদেশের শস্যের বাজার