লন্ডন শহরে যানজট নিয়ন্ত্রণে কনজেশন চার্জের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সন্ধ্যা ৬টার পর চার্জ শেষ হওয়ার সুযোগ নিয়ে চালকেরা ফি না দিয়ে শহরে ঢুকছে—এমন তথ্য সামনে আসার পর নতুন করে নীতিমালা পর্যালোচনা শুরু হয়েছে।
বর্তমানে কর্মদিবসে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার্জ কার্যকর থাকে এবং সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। বড়দিন ও নববর্ষের দিনে চার্জ থাকে না। তবে নতুন গবেষণায় দেখা গেছে, ঠিক চার্জ শেষ হওয়ার পর অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে গাড়ির সংখ্যা ৫৬ শতাংশ বেড়ে যায়।
পরিবেশভিত্তিক সংগঠন ক্লিন সিটিজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এক ঘণ্টায় প্রায় ৬ হাজার ১৭০টি গাড়ি জোনে প্রবেশ করে, যেখানে সকাল ৮টা থেকে ৯টার ব্যস্ত সময়েও গাড়ির সংখ্যা থাকে প্রায় ৩ হাজার ৯৫৫টি। এতে স্পষ্ট হয়েছে, চার্জ শেষ হওয়ার সময়কে কেন্দ্র করে সচেতনভাবেই চলাচলের সময় বেছে নিচ্ছেন চালকেরা।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, কনজেশন চার্জ চালুর পর শহরের যানজট কমেছে, তবে এটি কার্যকর রাখতে নিয়মের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন দরকার। বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকলে আগামী বছর গড়ে প্রতিদিন আরও প্রায় ২ হাজার ২০০টি অতিরিক্ত গাড়ি চার্জিং জোনে ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সাল থেকে সকালের ব্যস্ত সময়ে যানজট কমলেও সন্ধ্যার পর যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে ওয়েস্ট এন্ড এলাকায় চার্জ না থাকায় এবং পার্কিং নিয়ন্ত্রণ কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
মহামারির সময় রাত ১০টা পর্যন্ত চার্জ চালু ছিল, কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাতের অর্থনীতি সচল রাখতে আবার সন্ধ্যা ৬টার সময়সীমা ফিরিয়ে আনা হয়। এখন আবার তা বাড়ানোর দাবি উঠেছে—বিশেষ করে পথচারীবান্ধব অক্সফোর্ড স্ট্রিট পরিকল্পনার অংশ হিসেবে।
অক্সফোর্ড স্ট্রিটে গাড়ি সীমিত করার পরিকল্পনা ঘিরে উদ্বেগও তৈরি হয়েছে। এতে ১৪টি বাস রুট পরিবর্তন করতে হতে পারে এবং ভারী যানবাহন বিকল্প সরু সড়কে গেলে নিরাপত্তা ও পরিবেশগত সমস্যা বাড়তে পারে বলে জানিয়েছে চার্টাড ইন্সটিটিউট অব লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট।
পরিবহন কর্তৃপক্ষের মতে, যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে নীতিগত ভারসাম্য জরুরি—যাতে চালক, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সবাই ধীরে ধীরে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থায় অভ্যস্ত হতে পারে।
সূত্রঃ জিবি নিউজ
এম.কে

