16.2 C
London
September 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বার্মিংহামের সোহো রোডে যৌনসেবা খুঁজতে গিয়ে ১১ পুরুষ পুলিশের জালে

যুক্তরাজ্যের বার্মিংহামের ব্যস্ত সোহো রোডে যৌনকর্মীদের শোষণ ও তাদের ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের বিশেষ অভিযানে ১১ পুরুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে যৌনসেবা নেওয়ার জন্য নারীদের খোঁজার অভিযোগ রয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের নেতৃত্বে চলা এই অভিযান কয়েকটি সন্ধ্যায় পরিচালিত হয়। পুলিশের দাবি, অভিযানের মূল লক্ষ্য ছিল যৌনকর্মীদের শোষণ করে এমন পুরুষদের শনাক্ত করা এবং হ্যান্ডসওর্থের সোহো রোড এলাকাকে স্থানীয় বাসিন্দা, কর্মী ও দর্শনার্থীদের জন্য আরও নিরাপদ করা।

পুলিশ জানিয়েছে, অভিযানে শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ১০ জন যৌনকর্মীদের খোঁজ করা পুরুষদের জন্য পরিচালিত একটি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে কমিউনিটি রেজোলিউশন নেওয়া হয়েছে। তবে তারা নির্ধারিত কর্মসূচিতে অংশ না নিলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ সতর্ক করেছে।

অন্যদিকে, একজন পুরুষ অভিযোগ অস্বীকার করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযানের সময় আরও গুরুতর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের একজনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে এবং ক্লাস এ ও ক্লাস বি শ্রেণির মাদক রাখার অভিযোগে আটক করা হয়।

অন্য একজনকে ছুরি রাখার সন্দেহে এবং যৌন অপরাধীর নোটিফিকেশন-সংক্রান্ত শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অপারেশন ফিয়ারলেস টিম এপ্রিল থেকে সোহো রোড ও হ্যান্ডসওর্থ ট্রায়াঙ্গেল এলাকায় অপরাধ দমনে কাজ করছে। তাদের কার্যক্রমের আওতায় মাদক, অসামাজিক আচরণ, অবৈধ তামাক ও অন্যান্য পণ্যের বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলা করা হচ্ছে।

অভিযান সম্পর্কে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের অ্যাক্টিং ইনস্পেক্টর ক্লোয়ি মরগান বলেন, এটি একটি সফল অভিযান এবং এর মাধ্যমে এলাকায় বাস্তব প্রতিরোধমূলক প্রভাব তৈরি হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই ভুক্তভোগীহীন অপরাধ হিসেবে দেখা যায় না। পুলিশের ভাষ্য অনুযায়ী, যৌনকর্মীদের মধ্যে থাকা নারীরা বিভিন্ন ধরনের ঝুঁকি ও দুর্বলতার কারণে শোষণের শিকার হতে পারেন।

ক্লোয়ি মরগান আরও বলেন, যারা এসব নারীকে নিয়ন্ত্রণ করে, তারা প্রায়ই সহিংসতা ও মাদকসহ আরও বিস্তৃত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। তাই এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না—এমন বার্তা দেওয়া পুলিশের জন্য গুরুত্বপূর্ণ।

পুলিশের এক মুখপাত্র জানান, সোহো রোডকে আরও নিরাপদ করার কাজ অব্যাহত থাকবে। অভিযানের মাধ্যমে যৌনকর্মীদের শোষণের সঙ্গে জড়িত পুরুষদের লক্ষ্য করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এই অভিযান শুধু যৌনসেবা নেওয়ার অভিযোগে পুরুষদের শনাক্ত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; একই সঙ্গে মাদক, অস্ত্র, গাড়ি চালানোর অপরাধ এবং যৌন অপরাধীর ওপর আরোপিত আইনি শর্ত ভঙ্গের মতো বিষয়ও সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, সোহো রোড ও আশপাশের এলাকায় অপারেশন ফিয়ারলেসের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং এলাকাটিকে অপরাধমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আধুনিক দাসত্ব রেকর্ড পর্যায়ে, আগামী দশকে আরও অবনতির আশঙ্কা

ইউরোপীয় ইউনিয়নের ‘বাঁকা কলা’ আইন বাতিল করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বক্সিং ডে সেলে বড় ব্র্যান্ডের বড় ছাড়, কোথায় কী সবচেয়ে লাভজনক