দক্ষিণ ইংল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ব্রাইটনের বিখ্যাত সমুদ্র উপকূল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আজ ভোরে ঘটে, এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাসেক্স পুলিশ জানিয়েছে, আজ সকাল প্রায় ৫টা ৪৫ মিনিটে ওই নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পেয়ে জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মেডেইরা ড্রাইভ এলাকার সমুদ্র উপকূল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট এডাম হেইস এক বিবৃতিতে বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। নিহত তিন নারীর পরিচয় নিশ্চিত করা এবং ঠিক কী ঘটেছে তা জানতে দ্রুত তদন্ত চলছে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখা হলেও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহত নারীদের বয়স ও পরিচয় এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। তদন্ত দল ইতোমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের খোঁজ করছে।
ঘটনার পর জনসাধারণকে মেডেইরা ড্রাইভ এলাকার আশপাশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। এলাকার বেশ কয়েকটি রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত স্বার্থে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সকলের সহযোগিতা কামনা করেছে এবং যে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।
ঘটনার পর থেকে ব্রাইটনের মেডেইরা ড্রাইভ ও সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে সময় নিচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

