6.2 C
London
April 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে গোপনে মোবাইল ট্র্যাকিং ঠেকাতে কঠোর পদক্ষেপঃ বিশেষ নম্বর লিজ বন্ধ করল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় ধরনের নিরাপত্তা ফাঁক বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই ফাঁক ব্যবহার করে দুর্বৃত্ত চক্র গোপনে মোবাইল ফোন ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করতে পারত।

যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ এক বিবৃতিতে জানায়, তারা “গ্লোবাল টাইটেল” নামে পরিচিত বিশেষ ধরনের নম্বর লিজ দেওয়ার প্রক্রিয়া নিষিদ্ধ করেছে। এই নম্বরগুলো মূলত বৈশ্বিক টেলিযোগাযোগ নেটওয়ার্কে সিগন্যাল আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

সাধারণত টেলিকম অপারেটররা এসব নম্বর ব্যবহার করে নেটওয়ার্কের কার্যক্রম সচল রাখে। বিশেষ করে, একজন ব্যবহারকারী যখন অন্য দেশের নেটওয়ার্কে রোমিং অবস্থায় থাকে, তখন তার কাছে বার্তা বা কল পৌঁছে দিতে এই ব্যবস্থার ভূমিকা থাকে।

তবে ‘অফকম’ সতর্ক করে বলেছে, অপরাধীরা এই ব্যবস্থার অপব্যবহার করে কল ও বার্তা আড়িপাতা, সেগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া, এমনকি মোবাইল নেটওয়ার্কে সংরক্ষিত সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

সংস্থাটি আরও জানায়, কিছু ক্ষেত্রে এই “গ্লোবাল টাইটেল” ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তিদের সুনির্দিষ্ট অবস্থানও অনুসরণ করা সম্ভব হয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ধরনের হুমকি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বৈশ্বিক টেলিযোগাযোগ অবকাঠামোর কিছু অংশ এখনো বহু পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এসব পুরোনো মেসেজিং প্রোটোকলের মধ্যেই রয়েছে নানা ধরনের দুর্বলতা, যা আধুনিক সাইবার অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে।

এদিকে, কানাডাভিত্তিক ইন্টারনেট নজরদারি গবেষণা সংস্থা ‘সিটিজেন ল্যাব’ একই দিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কিছু সন্দেহভাজন নজরদারি প্রতিষ্ঠান এই টেলিযোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে একটি অজ্ঞাতনামা “প্রভাবশালী কোম্পানি নির্বাহী”-সহ বিভিন্ন ব্যক্তিকে গোপনে নজরদারিতে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহার করে বিশ্বজুড়ে মোবাইল ব্যবহারকারীদের গতিবিধি অনুসরণ করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের এই পদক্ষেপ বিশ্বব্যাপী টেলিযোগাযোগ নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একইসঙ্গে এটি অন্যান্য দেশকেও একই ধরনের ঝুঁকি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্য দাতব্য সংস্থা সমাজের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন হতে

প্রথম রোজায় টাইমস স্কয়ারে শত শত মুসলিমের জমায়েত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ক্যামব্রিজে সৌদি তরুণের মৃত্যুঃ পরিবারের আবেগঘন শ্রদ্ধা