14.8 C
London
October 16, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ছুরিকাঘাতে তরুণী খুনঃ হত্যার সন্দেহে গ্রেপ্তার ২৫ বছর বয়সী যুবক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নিউটন হিথ এলাকায় ছুরিকাঘাতে আলিশা স্যামুয়েলস (২৬) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যার সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অপরাধীকে সহায়তার সন্দেহে ৬১ বছর বয়সী এক ব্যক্তি ও ৩৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই পুলিশের হেফাজতে রয়েছেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে ডর্কিং অ্যাভিনিউ এলাকায় গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে পাওয়া যায়। তার শরীরে ছুরিকাঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাত ছিল। জরুরি বিভাগের কর্মীরা চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ঘটনার আগে আশপাশের লোকজন চিৎকার ও গোলযোগের শব্দ শুনতে পান। এরপর ওই এলাকায় গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ব্রিসকো লেনে একজন চালক পুলিশের ভ্যানের সঙ্গে গাড়ির সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেছিলেন বলে তিনি দেখেছেন।

ঘটনার তদন্তে পুলিশ নিউটন হিথ এলাকার বেশ কয়েকটি সড়কে নিরাপত্তাবেষ্টনী দিয়ে চলাচল সীমিত করেছে। এডমন্টন রোড, স্ট্যাপলহার্স্ট রোড ও ব্রিসকো লেনসহ বিভিন্ন স্থানে ফরেনসিক কর্মকর্তারা আলামত সংগ্রহ ও পরীক্ষা করছেন। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত একটি গাড়িও পরীক্ষা করা হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা পল কস্টেলো বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কি না, তা শনাক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, নিহত আলিশার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য, মোবাইল ফোনে ধারণ করা ভিডিও, সিসিটিভি বা বাড়ির দরজার ক্যামেরার ফুটেজ থাকলে পুলিশকে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

তথ্য দিতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের ০১৬১ ৮৫৬ ৫৪৬৪ নম্বরে ফোন করা যাবে। বিকল্পভাবে ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

টিকটকে বিলিয়ন ভিউয়ের এআই-বন্যাঃ অভিবাসীবিরোধী ও যৌনায়িত কনটেন্টে ভরে যাচ্ছে প্ল্যাটফর্ম

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপ প্রসঙ্গে মাস্ক

যুক্তরাজ্যে সুদের হার কমে ৪.২৫% — ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ধাক্কা মোকাবেলায় পদক্ষেপ