19.5 C
London
September 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের শিক্ষার্থীদের জন্য ‘সবচেয়ে অনিরাপদ’ শহর লেস্টার

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে লেস্টারের নাম উঠে এসেছে একটি নতুন গবেষণায়। গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অপরাধের তথ্য বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য শহরগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়। গবেষণাটি করেছে আইডি কার্ড সেন্টার।

গবেষণায় অপরাধ, সহিংস অপরাধ এবং অসামাজিক আচরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে তুলনা করে নিরাপত্তা স্কোর তৈরি করা হয়েছে। লেস্টারের নিরাপত্তা স্কোর ৯ দশমিক ৩। বিপরীতে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ৯৪ স্কোর নিয়ে তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, লেস্টারে ওই দুই মাসে মোট ৩ হাজার ১১৪টি অপরাধ রেকর্ড হয়েছে। এর মধ্যে ৯১৫টি ছিল সহিংসতার ঘটনা এবং ৪৪৫টি অসামাজিক আচরণের ঘটনা। প্রতি ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮টি।

লেস্টারে লিসেস্টার ইউনিভার্সিটি এবং ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি—দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করার সময় শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দ্য সান শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে।

প্রতিবেদনে কয়েকজন শিক্ষার্থী ছিনতাই, ছুরিকাঘাত, গাড়িতে হামলা এবং শহরের কিছু এলাকায় রাতে চলাচল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। ১৯ বছর বয়সী শিক্ষার্থী ডেইজি বলেন, তিনি ও তার বন্ধুরা একা কোথাও না হাঁটার বিষয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বাসা থেকে মাত্র দুই মিনিট দূরে থাকা টেসকো এক্সপ্রেসেও তারা একা যেতে স্বস্তি বোধ করেন না।

আরেক শিক্ষার্থী যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন এবং দাবি করেন, টাউন সেণ্টারে গেলে তাদের সতর্ক থাকতে হয় এবং দলবদ্ধভাবে চলাচলকে তুলনামূলক নিরাপদ মনে হয়। তার মতে, স্থানীয় এলাকা সম্পর্কে অপরিচিত শিক্ষার্থীরা অপরাধীদের সহজ লক্ষ্য হতে পারে।

শহরটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির ২০ বছর বয়সী সাইবার সিকিউরিটি শিক্ষার্থী খালিদ ওলাদিপ ছুরিকাঘাতে নিহত হন। অর্থ নিয়ে বিরোধের পর তাকে ছুরিকাঘাত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৯ বছর বয়সী হারপার ডেনিসকে গত মাসে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৯ বছর বয়সী শিক্ষার্থী আরসান দোভাঝিক বলেন, তার এক বন্ধুকে আরেক শিক্ষার্থী ছুরি দিয়ে আঘাত করেছিল। তার ভাষ্য অনুযায়ী, লেস্টারকে তিনি খুব একটা নিরাপদ জায়গা মনে করেন না।

তবে সব শিক্ষার্থীর অভিজ্ঞতা একই নয়। ২৮ বছর বয়সী পিএইচডি শিক্ষার্থী সারাহ বলেন, তিনি লেস্টারে স্নাতক পর্যায়েও পড়াশোনা করেছেন এবং শহরটিকে তিনি অনিরাপদ বলে মনে করেন না। ২০ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ইমানও জানান, শিক্ষার্থীরা শহরে থাকলে তিনি বরং বেশি নিরাপদ বোধ করেন এবং রাতে একা বাড়ি ফেরার অভিজ্ঞতাও তার হয়েছে।

১৮ বছর বয়সী নতুন শিক্ষার্থী সেবাস্টিয়ান পিকফোর্ড জানান, লেস্টারে থাকার প্রথম সপ্তাহে তার কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা হয়নি। তবে শহরে কর্মরত পুলিশ কর্মকর্তা তার ভাই তাকে রাতে ক্লক টাওয়ারসহ কিছু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

আইডি কার্ড সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বেন ও’ব্রায়েন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শিক্ষার্থীদের অভিজ্ঞতা শহরভেদে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে। তার মতে, তালিকার ওপরের দিকে থাকা জায়গাগুলোর বেশিরভাগই তুলনামূলক ছোট শিক্ষার্থী শহর, অন্যদিকে বড় নাইটলাইফ-কেন্দ্রিক শহরগুলোর অবস্থান তালিকায় নিচের দিকে।

গবেষণায় সবচেয়ে নিরাপদ তিনটি শহর হিসেবে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ, ডান্ডি ও স্টার্লিংয়ের নাম এসেছে। ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে অক্সফোর্ডের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে লেস্টারশায়ার পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা এবং আবাসিক হলের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত কাজ করেন এবং নতুন শিক্ষার্থীদের বিভিন্ন নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পুলিশের দাবি, শহরের কেন্দ্রে টহল বাড়ানো হয়েছে এবং সেন্ট্রাল লেস্টার এলাকায় গত দুই বছরে সামগ্রিক অপরাধ কমেছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

কোভিড আপডেট: একদিনে প্রায় ৪০০ মৃত্যু দেখলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইংলিশ চ্যানেলে আবারো মৃত্যু, বিবাদে ইউকে-ফ্রান্স

ট্রাম্পের তোপঃ সাদিক খানকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ মেয়র’ আখ্যা