20 C
London
August 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে কঠোরতা, নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার অপব্যবহার রোধে যুক্তরাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। নতুন নীতিমালার আওতায় অতিরিক্ত সংখ্যক বিদেশি শিক্ষার্থী কোর্স সম্পন্ন না করলে, ভর্তি ও ভিসা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে কিংবা শিক্ষার্থী নিয়োগে দায়িত্বহীনতার প্রমাণ মিললে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগের অধিকার হারাতে পারে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অপব্যবহার বন্ধ এবং অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন স্পনসরশিপ নীতির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ধাপে ধাপে শাস্তির ব্যবস্থা থাকবে। যারা নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে প্রথমে নিয়োগ সীমিতকরণ এবং পরবর্তীতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের আমলে শিক্ষার্থী, কর্মসংস্থান ও পর্যটক ভিসাধারীদের আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন তিন গুণের বেশি বৃদ্ধি পেয়ে মোট আবেদনকারীদের ৩৭ শতাংশে পৌঁছেছিল। এর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের অংশ ছিল সবচেয়ে বেশি। তবে শিক্ষা খাতের সঙ্গে যৌথভাবে নেওয়া পদক্ষেপের ফলে গত এক বছরে শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন ৩০ শতাংশ কমেছে।

এদিকে আশ্রয় আবেদনের অস্বাভাবিক বৃদ্ধি মোকাবিলায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য স্টুডেন্ট ভিসায় বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু করেছে সরকার।

নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্ধারিত ভিসা স্পনসর মূল্যায়ন আরও কঠোর করা হচ্ছে। এখন থেকে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে রাখতে হবে, যেখানে আগে এই সীমা ছিল ১০ শতাংশ। একইসঙ্গে কোর্সে ভর্তি হার কমপক্ষে ৯৫ শতাংশ এবং কোর্স সম্পন্নের হার কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত করতে হবে।

অভিবাসন ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী মাইক ট্যাপ বলেন, যুক্তরাজ্য প্রকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভিসা ব্যবস্থা কোনোভাবেই আশ্রয় আবেদন বা অবৈধ কর্মসংস্থানের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হতে পারে না। তিনি বলেন, “যারা ব্যবস্থার অপব্যবহার করতে চায়, তাদের জন্য সরকারের বার্তা পরিষ্কার—আমরা নজর রাখছি এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হব না।”

সরকারের মতে, উচ্চ ড্রপআউট হার অনেক ক্ষেত্রে ইঙ্গিত দেয় যে কিছু শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অবৈধ শ্রমবাজারে যুক্ত হচ্ছে। আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেশি হওয়া কিংবা ভর্তি হার কম থাকা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতার প্রতিফলন।

এই পরিস্থিতি মোকাবিলায় ২০২৭ সালের গ্রীষ্মকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন ‘ট্রাফিক লাইট’ রেটিং ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে সবুজ, হলুদ ও লাল শ্রেণিতে মূল্যায়ন করা হবে। ‘রেড’ বা লাল রেটিং পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে এবং তাদের নিজস্ব অর্থায়নে ১২ মাসের একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এরপরও উন্নতি না হলে তারা আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগের অধিকার হারাতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ইউনিভার্সিটিজ ইউকের সভাপতি অধ্যাপক ম্যালকম প্রেস বলেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যতম সফল উচ্চশিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু শিক্ষা খাতেই নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের মাধ্যমে বছরে প্রায় ৩৭ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ রপ্তানি আয় আসে।

তবে তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাই সরকারের উচিত স্থিতিশীল ও স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করা, যাতে শিক্ষাখাত এবং জাতীয় স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত গ্রীষ্মকাল থেকে ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে তাদের সতর্ক করা হয়েছে। ভিত্তিহীন আশ্রয় আবেদন দ্রুত প্রত্যাখ্যান করা হবে এবং যাদের দেশে থাকার বৈধ অধিকার নেই, তাদের যুক্তরাজ্য ত্যাগ করতে হবে অথবা বহিষ্কারের মুখোমুখি হতে হবে।

সরকারের দাবি, অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ ও সংস্কারের ফলে যুক্তরাজ্যে নিট অভিবাসন ইতোমধ্যে ৭৪ শতাংশ কমেছে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করছে সরকার।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে একদিনে কোভিড সনাক্ত ২৪ হাজার, মৃত্যু ৬৫

এসাইলাম ইস্যুতে ‘জনমত বদলাতে’ চলচ্চিত্র বানাচ্ছে বিবিসিঃ নতুন প্রতিবেদন ঘিরে বিতর্ক

বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করল যুক্তরাজ্য