23.4 C
London
August 17, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আফগান পুনর্বাসন নিয়ে ২০২৩ সালে প্রশংসা, এখন ‘ভয়াবহ’ বলছেন সুয়েলা ব্র্যাভারম্যান

যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান রিফর্ম দলের সংসদ সদস্য সুয়েলা ব্র্যাভারম্যান আফগান পুনর্বাসন কর্মসূচি নিয়ে নিজের অতীত ও বর্তমান অবস্থানের সাংঘর্ষিক বক্তব্যের কারণে নতুন বিতর্কে পড়েছেন। ২০২৩ সালে হাউস অব কমন্সে একই কর্মসূচির প্রশংসা করলেও এখন তিনি সেটিকে “ভয়াবহ” বলে আখ্যা দিয়েছেন। তার সেই পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।

বিতর্কের সূত্রপাত হয় রিফর্ম দলের নেতা জিয়া ইউসুফ ও সাবেক কনজারভেটিভ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কের জেরে। ওয়ালেস রিফর্মের নতুন কারাগার নীতির সমালোচনা করলে জিয়া ইউসুফ তাকে “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেন এবং আফগান পুনর্বাসন কর্মসূচিতে তার ভূমিকারও সমালোচনা করেন।

এরপর ব্র্যাভারম্যান আলোচনায় যোগ দিয়ে আফগান পুনর্বাসন ও সহায়তা নীতি (এআরএপি)কে “ভয়াবহ একটি কর্মসূচি” বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই কর্মসূচি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছিল। একই সঙ্গে তিনি বেন ওয়ালেসকে এই পরিকল্পনার “সরকারের সবচেয়ে বড় সমর্থক” বলেও অভিযুক্ত করেন এবং কনজারভেটিভ পার্টি ছেড়ে আসায় তিনি খুশি বলে মন্তব্য করেন।

বেন ওয়ালেস পাল্টা জবাবে ব্র্যাভারম্যানকে মনে করিয়ে দেন যে এআরএপি ও আফগান নাগরিক পুনর্বাসন কর্মসূচি (এসিআরএস) দুটি আলাদা পরিকল্পনা এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে এদের একটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। এরপরও ব্র্যাভারম্যান দাবি করেন, “এআরএপি এবং এসিআরএস—দুটোই আগের কনজারভেটিভ সরকারের বড় বিশ্বাসঘাতকতা ছিল এবং এমন ঘটনা আর কখনো হওয়া উচিত নয়।”

তবে তার এই বক্তব্যের পরই ২০২৩ সালের একটি সংসদীয় ভিডিও নতুন করে সামনে আসে। ওই ভিডিওতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্র্যাভারম্যান বলেছিলেন, আফগান পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক মানুষকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে তিনি “খুবই গর্বিত”। তিনি সংসদে জানান, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে, যার মধ্যে ২১ হাজারের বেশি এসেছেন এআরএপি ও এসিআরএসের মাধ্যমে। তখন তিনি এটিকে যুক্তরাজ্যের “ভালো সাফল্যের রেকর্ড” বলেও উল্লেখ করেছিলেন।

আফগান পুনর্বাসনের এই দুটি কর্মসূচি মূলত আফগানিস্তানে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কাজ করা এবং জীবনঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপদে যুক্তরাজ্যে আনার জন্য চালু করা হয়েছিল। এআরএপি ও এসিআরএসের আওতায় প্রায় ২০ হাজার আফগান নাগরিক যুক্তরাজ্যে পুনর্বাসিত হয়েছেন। নতুন আবেদন গ্রহণ ২০২৫ সালের ১ জুলাই বন্ধ হলেও নির্ধারিত সময়ের আগে জমা পড়া আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

পুরোনো ভিডিও প্রকাশ্যে আসার পর ব্র্যাভারম্যানের সাম্প্রতিক বক্তব্যের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য-যাচাই নোট যুক্ত হয়েছে, যেখানে তার ২০২৩ সালের বক্তব্যের উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বহু ব্যবহারকারী তাকে দ্বিমুখী অবস্থানের অভিযোগে সমালোচনা করেছেন এবং কেউ কেউ তার অবস্থানকে “অবিশ্বাস্য ভণ্ডামি” বলেও আখ্যা দিয়েছেন।

সূত্রঃ দ্য লন্ডন ইকোনমিক্স

এম.কে

আরো পড়ুন

অ্যাসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি দিতে সুপারিশ

বৃটিশ এমপিরা স্টিং অপারেশনের ফাঁদে

যুক্তরাজ্যে কর বৃদ্ধি নয়, বেনিফিট কমবেঃ ১১৮ এমপির সমর্থনের প্রস্তাব দিয়ে বার্নহ্যামকে চিঠি