TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইয়র্কের মসজিদে এয়ার রাইফেল থেকে গুলিঃ ৪৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

ইংল্যান্ডের ইয়র্ক শহরের একটি মসজিদের বাইরে এয়ার রাইফেল থেকে গুলি ছোড়ার ঘটনায় ৪৪ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে নর্থ ইয়র্কশায়ার পুলিশ। ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তবে পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনায় কেউ আহত হননি এবং একটি এয়ার রাইফেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর প্রায় ২টা ১৫ মিনিটে (BST) ইয়র্কের বুল লেনে অবস্থিত ইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এক ব্যক্তি মসজিদের বাইরে এয়ার রাইফেল থেকে গুলি ছুড়ে একটি রূপালি রঙের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অভিযান চালিয়ে ইয়র্কের বাসিন্দা ৪৪ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এয়ার রাইফেলটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ফরেনসিক পরীক্ষা এবং এলাকাজুড়ে বিস্তৃত তদন্ত কার্যক্রম চলছে।

নর্থ ইয়র্কশায়ার পুলিশের সুপারিনটেনডেন্ট এড হেওউড-নোবল বলেন, এ ঘটনাটি কমিউনিটির জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়া মুসল্লিদের সঙ্গে পুলিশ নিয়মিত যোগাযোগ রাখছে এবং জনমনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে আগামী কয়েক দিন ইয়র্ক শহরে অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ইয়র্ক মসজিদের সভাপতি মোহামাদ দুবা জানান, মসজিদের এক সদস্য সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করার পাশাপাশি গুলির মতো শব্দ শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তিনি ওই সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, দ্রুত পুলিশকে জানানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, সৌভাগ্যবশত মসজিদের কোনো মুসল্লি, শিক্ষার্থী, কর্মী বা স্বেচ্ছাসেবক আহত হননি। তবে নিরাপত্তার স্বার্থে মসজিদটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুলিশ নিরাপদ ঘোষণা করার পর পুনরায় মসজিদের কার্যক্রম শুরু হবে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং কমিউনিটিকে যেকোনো নতুন তথ্য যথাসময়ে জানানো হবে।

এদিকে পুলিশ ঘটনাটির প্রত্যক্ষদর্শী, অথবা যাদের কাছে সিসিটিভি কিংবা ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তাদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোরও অনুরোধ জানিয়েছে পুলিশ।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

কারা সংকট ঠেকাতে বিদেশি কারা কর্মকর্তাদের ভিসায় সাময়িক ছাড় যুক্তরাজ্য সরকারের

ডাউনিং স্ট্রিটে বিড়াল ল্যারির ১০ বছর

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের বিরল হুঁশিয়ারি